Advertisement

ইয়াঙ্গুনে পুড়ল ঐতিহ্যবাহী হোটেল, নিহত ১

মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বিলাসবহুল একটি হোটেল। এ ঘটনায় একজন নিহত ও আহত হয়েছে অন্তত দুজন।
ঐতিহ্যবাহী বার্মিজ স্টাইলের হোটেলটির একটি বড় অংশ কাঠ ব্যবহার করে তৈরি হয়েছিল। এটি পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থাপনা ছিল।
হৃদের পাশে '৯০ এর দশকে এটি তৈরি হয়। তবে এর পুরনো অংশটি তৈরি
হয়েছিল ১৯৩০ সালে যেটি ব্রিটিশ সেনাবাহিনীর সদস্যরা ব্যবহার করতেন।
স্থানীয় সময় রাত ৩টার সময় আগুনের সূত্রপাত এবং এরপর শতাধিক অগ্নিনির্বাপণ কর্মী কয়েক ঘণ্টা আগুন নেভানোর চেষ্টা করেন। হোটেল থেকে তারা ১৪০ জনেরও বেশি অতিথিকে নিরাপদে সরিয়ে নেন।


আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ঐতিহ্যবাহী এই হোটেলটি—এএফপি


হোটেলটির একজন মার্কিন অতিথি এডরিয়েনে ফ্রিলট স্থানীয় একটি পত্রিকাকে বলেছেন, তিনি ফায়ার অ্যালার্ম শুনতে পাননি। যখন হোটেলের লোকজন দরজা ধাক্কাধাক্কি করছিল তখন তিনি জেগে ওঠেন।
তিনি বলেন, 'বুঝলাম কিছু একটা সমস্যা হয়েছে। দরজা খুলে ধোঁয়ার গন্ধ পেলাম।' পরে হোটেল কর্মচারীদের সহায়তায় তিনি বেরিয়ে আসেন।
হোটেলটি থেকে বের করে আনা অতিথিদের ইয়াঙ্গুনে অন্য একটি হোটেলে রাখা হয়েছে।
তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কোন তথ্য এখনো জানা যায়নি। হোটেলটির মালিক কর্তৃপক্ষ ঠু গ্রুপের মুখপাত্র টে লেইন বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আগুন লাগার কারণ জানতে তদন্ত করা হচ্ছে।
ঠু গ্রুপের প্রতিষ্ঠাতা বিতর্কিত বার্মিজ ধনকুবের টে যা। মিয়ানমারে সামরিক শাসনের সময় তিনি জান্তা সরকারের খুবই ঘনিষ্ঠ ছিলেন।

Post a Comment

0 Comments