Advertisement

পুরুষের ওপর নারীর নির্ভরতা ২৯ শতাংশ কমেছে

দুই বছরের ব্যবধানে পুরুষের ওপর নারীর নির্ভরশীলতা ২৯ শতাংশ কমেছে। ২০১২ সালে নির্ভরতার হার ছিল ৮০ শতাংশ। ২০১৪ সালে তা কমে দাঁড়িয়েছে ৫৭ শতাংশে। শতকরা হিসেবে নির্ভরশীলতা কমেছে ২৮ দশমিক ৭৫ শতাংশ।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে
রোববার এ তথ্য জানানো হয়। রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক ২০১৪: মনিটরিং দ্যা সিচুয়েশন অব ভাইটাল স্টাডিজ অব বাংলাদেশ প্রজেক্ট (এসভিআরএস রিপোর্ট ২০১৪)’ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ওই অনুষ্ঠানের আয়োজন করে।
মোট দেড় হাজার নমুনা এলাকার ওপর ভিত্তি করে এ প্রতিবেদন তৈরি করা হয়। এসব এলাকায় মোট খানার সংখ্যা ছিল ১ লাখ ৬০ হাজার ৮২৯টি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়- ২০১৩ সালে করা জরিপে গড় আয়ু উল্লেখ করা হয়েছিল ৭০ বছর ৪ মাস। ২০১৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭০ বছর ৭ মাস।
 পুরুষের গড় আয়ু ২০১৪ সাল পর্যন্ত দাঁড়িয়েছে ৬৯ বছর ১ মাস, যা ২০১৩ সাল পর্যন্ত ছিল ৬৮ বছর ৮ মাস। নারীদের গড় আয়ু দাঁড়িয়েছে ৭১ বছর ৬ মাসে, যা ২০১৩ সাল পর্যন্ত ছিল ৭১ বছর ২ মাস।
বিশুদ্ধ পানি ব্যবহারের হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৮ শতাংশে, যা ২০১৩ সালে ছিল ৯৭ দশমিক ৫ শতাংশ।
প্রতিবেদনে আরও বলা হয়-  নারীর তুলনায় পুরুষের মৃত্যুহার বেড়েছে আর শহরের তুলনায় গ্রামে মৃত্যুঝুঁকি বেশি। বাংলাদেশের নারীরা এখনও উচ্চমাত্রায় পুরুষ দ্বারা নিয়ন্ত্রিত। দেশের ৮৭.৮ শতাংশ পরিবারের খানা প্রধান পুরুষ।
তবে গত তিন বছরে নারী-পুরুষের লিঙ্গ অনুপাত অনেক কমেছে। ২০১২ সালে এ অনুপাত ছিল ১০৪.৯ শতাংশ, যা ২০১৪ সালে কমে হয়েছে ১০০.৫ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব মোহাম্মদ সফিকুল আযম। বিশেষ অতিথি ছিলেন- সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা এবং ইউনিসেফের অফিসার অব ইনচার্জ অনুরাধা নারায়ণ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিসটিকস অব বাংলাদেশ প্রকল্পের পরিচালক এ কে এম আশরাফুল হক।

Post a Comment

0 Comments