ঢাকা: শুরু হল বিশ্বফুটবলের মহারণ। মরণপণ লড়াই করছে জার্মানি ও আর্জেন্টিনা। প্রথম অর্ধে কোনো গোল হল হল না। রিওডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে শুরু লিওনেল মেসি ও থমাস মুলারদের বিশ্বকাপ শিরোপা জয়ের মহাযুদ্ধ শুরু হয়েছে। বাংলাদেশ সময় রোববার রাত ১টায় এ লড়াই শুরু হয়েছে।
আর্জেন্টিনার ২৮ বছরের অধরা শিরোপা পুনরুদ্ধারের এবং জার্মানির ২৪ বছরের শিরোপা খরা কাটানোর এ লড়াই ফুটবল বিশ্বকাপের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ বলে মনে করা হচ্ছে।
লিওনেল মিসে-গঞ্জালো হিগুয়েন-হাভিয়ের মাসেরানোদের আর্জেন্টিনাকে শিরোপা মঞ্চে উঠতে প্রতি পরতে পরতে ফিলিপ লাম-স্যামি খেদিরা-থমাস মুলাররা বাধা দেবেন বলেই ধারণা ফুটবলপ্রেমীদের। তবে শেষ পর্যন্ত কে শেষ হাসি হাসে, তা দেখতে চোখ রাখতে হবে মারাকানায়ই।
এর আগে, বিশ্বকাপের ফাইনালে দুইবারের লড়াইয়ে দু’টি দলই একটি করে জিতেছে। কেউ কাউকে ছাড়িয়ে যেতে পারেনি। তাই ২০তম এই আসরের ফাইনালে জিতে নিজেদের ঝুলি আরও সমৃদ্ধ করতে চাইবে উভয় দলই।
বিশ্বকাপ ফাইনালে দু’দলের জয় সমান হলেও বিশ্বকাপের সব পর্বের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে জার্মানি। বিশ্বকাপে ৬ বারের সাক্ষাতে ৪ বারই জিতেছে জার্মানি। আর একটি ম্যাচ ড্র হয়। বাকি মাত্র ১টি ম্যাচই শুধু জিততে পেরেছে আলবিসিলেস্তেরা। ওই একমাত্র জয়টি অবশ্য ১৯৮৬ বিশ্বকাপে।
তবে, সবমিলিয়ে মুখোমুখি ২০ বারের লড়াইয়ে ৯ বার জিতে এগিয়ে আছে আর্জেন্টিনা। আর ৬ বার জয় পেয়েছে জার্মানি। বাকি ৫ ম্যাচ ড্র হয়।
জার্মানিকে আশাহত করে ছিয়াশির বিশ্বকাপের ফাইনালে জয় তুলে নিলেও বেশিরভাগ সময় আর্জেন্টিনার জয়রথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে জার্মানি।
১৯৫৮ সালের বিশ্বকাপ থেকে জার্মানি-আর্জেন্টিনার লড়াই শুরু। প্রথম লড়াইয়েই আর্জেন্টিনাকে ৩-১ গোলে হারায় জার্মানি। ১৯৬৬ সালে দ্বিতীয়বারের লড়াইয়ে জার্মানির সঙ্গে গোলশূন্য ড্র করে আর্জেন্টিনা।
তবে ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে জার্মানিকে হতাশায় ডুবিয়ে ৩-২ গোলে শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা।
১৯৯০ সালে ইতালি বিশ্বকাপে ইতিহাস সৃষ্টি করে আগের আসরের দুই ফাইনালিস্টরা প্রথমবারের মতো আবারও ফাইনালে ওঠে। ওই ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল পেয়ে শিরোপা জিতে মধুর প্রতিশোধ নেয় জার্মানি।
এরপর থেকে আর কোয়ার্টার ফাইনালের গণ্ডি পার হতে পারেনি আর্জেন্টিনা। ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে সুযোগ তৈরি করলেও কোয়াটার ফাইনালে এই জার্মানি বাঁধায় আটকে যায় তারা।
আর্জেন্টাইন সমর্থকদের বিশ্বাস, ২০১৪ সালের বিশ্বকাপে এখন পর্যন্ত অপ্রতিরোধ্য আর্জেন্টিনা ইউরোপীয় জায়ান্টদের ওপর চরম প্রতিশোধ নিয়ে তৃতীয়বারের শিরোপা ঘরে তুলবে। অপরদিকে জার্মান সমর্থকদেরও প্রত্যাশা, বরাবরের মতো এবারও মেসি-হিগুয়েন-মাসেরানোদের হতাশ করে চতুর্থ শিরোপা দেশবাসীকে উপহার দেবেন মুলার-ক্লোসা-লামরা।

0 Comments