বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, রাশেদা বেগম হিরা এমপি, সাবেক এমপি নেওয়াজ� হালিমা আরলিকে আটক করেছে গুলশান থানা পুলিশ। গুলাশানে খালেদা জিয়ার বাসার সামনে থেকে দুপুর ১টা ২৫ মিনিটে তাদের আটক করা হয়। আটকের পর তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ সময় সেলিমা রহমান বলেন, ‘আমরা ম্যাডামের (খালেদা জিয়া) সঙ্গে দেখা করতে চাই। ম্যাডামের সঙ্গে দেখা করে চলে যাব।’ এ সময় পুলিশ বাধা দিলে তিনি বলেন, ‘আপনারা কি ম্যাডামকে অবরুদ্ধ করে রেখেছেন? যদি না করে থাকেন তাহলে আমরা দেখা করতে চাই।’ উপস্থিত পুলিশ সদস্যের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের অসিফারকে ডাকেন আমরা উনার সঙ্গে কথা বলতে চাই। কথা বলে চলে যাব।’ এর পরপরই অনেকটা ধস্তাধস্তি করে নারী পুলিশ সদস্যরা একটা সাদা মাইক্রোবাসে তুলে তাদের নিয়ে যায়।
