দুই নেতা-কর্মী হত্যাকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রাম জেলায় রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
সীতাকুণ্ড ও মিরসরাইয়ে দুইনেতা-কর্মী হত্যাকাণ্ডের প্রতিবাদে রোববার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
তবে চলমান পিএসসি পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকবে বলে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটভুক্ত দলটির নেতারা জানিয়েছেন।
চট্টগ্রাম নগর জামায়াতের প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই নেতা-কর্মী হত্যাকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরী ও জেলায় এ হরতাল হবে। তবে পিএসসি পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকবে।
বাড়বকুণ্ড ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আমিনুল ইসলাম এবং মিরসরাইয়ের জামায়াতকর্মী জসিম উদ্দিনকে হত্যার প্রতিবাদ এই কর্মসূচি দেয়া হয়েছে।
হরতালের সমর্থনে নগরীর বাকলিয়াসহ বিভিন্ন এলাকায় মিছিল-সমাবেশ হয়েছে বলেও জানান জামায়াত নেতা মোহাম্মদ উল্লাহ।
তিন দিন নিখোঁজ থাকার পর বুধবার দুপুরে সীতাকুণ্ডের পন্থিছিলা এলাকায় পাওয়া যায় বাড়বকুণ্ড ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আমিনুলের গুলিবিদ্ধ লাশ।
গত রোববার ঢাকা থেকে চট্টগ্রাম ফেরার পথে চৌদ্দগ্রাম থেকে ডিবি-পুলিশ পরিচয়ে আমিনুলকে তুলে নিয়ে যাওয়া হয় বলে তার পরিবারের অভিযোগ।
জামায়াতের চট্টগ্রাম নগররের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলামের দাবি, পুলিশের ছত্রছায়ায় চিহ্নিত আওয়ামী লীগ কর্মীরা আমিনুলকে হত্যা করেছে।
মিরসরাইয়ে শনিবার ভোররাতে জসিমের লাশ পাওয়া যায়। ছাত্রলীগকর্মীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জামায়াতের দাবি।
