‘অন্তর্বর্তী সরকারের নামে মহাজোটের সরকারের মন্ত্রিসভা পুনর্গঠন করা হয়েছে’ দাবি করে এর প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল। শুক্রবার সব মহানগর, জেলা ও উপজেলায় এ বিক্ষোভ সমাবেশ করা হবে। সোমবার রাতে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষনা করেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি’র ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শমসের মুবিন চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মান্নান, যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমদ, বরকতউল্লাহ বুলু, আমানউল্লাহ আমান, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আটক নেতাকর্মীদের মুক্তি, নতুন মন্ত্রিসভার প্রতিবাদ, নির্দলীয় নিরপক্ষে সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১৮ দলীয় জোটের ব্যানারে ২২ নভেম্বর বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।’

