কক্সবাজারের রামু উপজেলায় গত বছরের ২৯ সেপ্টেম্বরের সহিংস ঘটনায় বৌদ্ধ বিহার থেকে লুট হওয়া চারটি বুদ্ধ মূর্তিসহ রাশেদকে (২৪) আটক করেছে পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা। সোমবার
বিকেলে একটি স্কুলব্যাগে ভরে মূর্তিগুলো কক্সবাজারে পাচারের সময় রামু চৌমুহনী স্টেশন থেকে তাকে আটক করা হয়। আটক রাশেদ (২৪) মিয়ানমারের নাগরিক। তার বাবার নাম মৃত আবুল মাসুদ। রাশেদ কক্সবাজার শহরে ৬ নম্বর ঘাট এলাকায় বসবাস করেন। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বাংলানিউজকে জানান, উদ্ধার করা প্রতিটি মূর্তির উচ্চতা প্রায় আট ইঞ্চি। ওজন চার থেকে পাঁচ কেজি। চারটির মধ্যে দুটি মূর্তি ভাঙা। তিনি জানান, মূর্তির গায়ে পোড়া চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে মূর্তিগুলো ২৯ সেপ্টেম্বর রাতে রামুর বৌদ্ধ বিহার থেকে লুট করা হয়েছে।

0 Comments