Advertisement

কিশোরগঞ্জে বেসরকারিভাবে বিজয়ী রাষ্ট্রপতি পুত্র তৌফিক

ডেস্ক রিপোর্ট
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন মহাজোট মনোনীত প্রার্থী ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেটের ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক। ফলাফল অনুযায়ী তৌফিকের নৌকা প্রতীক পেয়েছেন
এক লাখ ৫৩ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ মহিতুল ইসলাম অসীম পেয়েছেন ৫৮ হাজার ৭৮৭ ভোট।
এর আগে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় ৪টায়। দুই একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন।
এই সংসদীয় আসনে মোট ২ লাখ ৭৭ হাজার ১১৮ জন ভোটার রয়েছেন। তার মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৩৯ হাজার ৩০৩ জন এবং নারী ভোটার এক লাখ ৩৭ হাজার ৮১৫ জন।
নির্বাচন সুষ্ঠু করতে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রত্যেক ভোট কেন্দ্রে ১০ পুলিশ সদস্যসহ ব্যাটালিয়ন আনসার ও আনসারের সমন্বয়ে ২৭ সদস্যের একটি করে দল মোতায়েন রয়েছে। একজন এসআই-এর নেতৃত্বে প্রত্যেক ইউনিয়নে রয়েছে মোবাইল টিম।পাশাপাশি প্রত্যেক ইউনিয়নে আর্মড পুলিশ ব্যাটালিয়নের স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ রয়েছে।
এছাড়া, প্রত্যেক উপজেলায় একজন করে এডিশনাল এসপি নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছেন। একই সঙ্গে র‌্যাবের মোট ৩২৫ জন সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করছেন। প্রত্যেক উপজেলায় আটটি করে র‌্যাবের মোট ২৪টি টহল টিম কাজ করছে।
পাশাপাশি, ১২টি টহল টিম স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন রয়েছে। তিনজন মেজরের দায়িত্বে তিন উপজেলায় ছয় জন এএসপি পদমর্যাদার কর্মকর্তা নিয়মিত টহল তদারকি করছেন। এছাড়া প্রত্যেক উপজেলায় ১ প্লাটুন করে বিজিবি মোতায়েন রয়েছে।
এ আসন থেকে সাতবার নির্বাচিত সাংসদ সাবেক স্পিকার আবদুল হামিদ রাষ্ট্রপতি হওয়ার পর আসনটি শূন্য হয়।

Post a Comment

0 Comments