বগুড়ার ধুনট উপজেলায় ট্রিপল মার্ডার মামলায় নিু আদালতে সাজাপ্রাপ্ত ১৬ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। খালাসপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত ১২ জন ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৪ জন।
মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ এবং জেল আপিলের শুনানি শেষে রোববার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও ইমদাদুল হক আজাদের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে আসামিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি ও ব্যারিস্টার আনোয়ারুল ইসলাম শাহীন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী টিকু। হাইকোর্ট সূত্র জানায়, ২০০৪ সালের ২৩ সেপ্টেম্বর রাতে খুন হন বগুড়ার ধুনট উপজেলার বড়চাপড়া গ্রামের আব্দুল বাকী এবং তার দুই ছেলে ইয়াছিন ও আব্দুল আজিজ। ওইদিন ভোরে নিহত বাকীর ভাই কাফী বাদী হয়ে ১৯ জনকে আসামি করে ধুনট থানায় মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে আসামিরা পরিকল্পিতভাবে এ তিনজনকে হত্যা করেন। তদন্ত শেষে ২০০৫ সালের ৩০ সেপ্টেম্বর ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।
২০০৭ সালের ৬ নভেম্বর রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১২ জনকে ফাঁসি ও চারজনকে যাবজ্জীবন দণ্ড দিয়ে রায় দেন। বাকি ২৪ জনকে খালাস দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আব্দুর রশিদ, সাইফুল ইসলাম, খত জামাল, ফারায়েজুল, নিপুন, গণি, বাসেত, লাল মিয়া, অফফার আলী, শফিকুল, আশরাফ আলী মালেক ও বাচ্চু। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত চার জন হলেন, জাহিদুল, ওয়াজেদুল, সফের ও মহসীন। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে ২০০৭ সালে জেল আপিল করেন আসামিরা।
এ আবেদনের শুনানি শেষে হাইকোর্ট সাজাপ্রাপ্ত সব আসামিকে খালাসের রায় দেন।

0 Comments