বলিউডের 'সিরিয়াল কিসার' খ্যাত ইমরান হাশমী অভিনীত প্রায় সবগুলো চলচ্চিত্র সুপার হিট৷ কিন্তু বলিউডের প্রথম সারির নায়িকা বিদ্যা বালান আর জ্যাকুলিন ফার্নান্দেজ ছাড়া জনপ্রিয় কোন নায়িকাই এ পর্যন্ত তার বিপরীতে অভিনয় করতে চাননি৷ তিনি শুধু দুটি ছবিতে এ দুই নায়িকাকে পেয়েছেন, যা একটু ব্যতিক্রম৷ এ পর্যন্ত তার অভিনীত প্রায় সব চলচ্চিত্রে তার বিপরীতে নায়িকা হিসেবে দেখা গেছে বলিউডের দ্বিতীয় বা তৃতীয় সারির নায়িকা অথবা একদম নবীন নায়িকাকে৷
দর্শকদের সুপার হিট ছবি উপহার দেওয়ার পরও প্রথম সারির অন্যরা তার সাথে অভিনয় করতে চাননি৷ কারণ হচ্ছে ইমরানের ভক্তরা তার কাছ থেকে 'বিশেষ কিছু' চায়৷ তাই বলতেই হয় তার এ বিশেষ কিছু চাওয়ায় তার নায়িকা ভাগ্য খানিকটা খারাপ৷
তবে এবার ইমরান হাশমী ভক্তদের জন্য আশার কথা হচ্ছে বর্তমান সময়ে বলিউডের সবচেয়ে জনপ্রিয় নায়িকা কারিনা কাপুর তার সাথে অভিনয় করবেন৷ এ বছরের শেষের দিকে একটি চলচ্চিত্রে একসাথে দেখা যাবে কারিনা কাপুর ও ইমরান হাশমীকে৷ সমপ্রতি রোমান্টিক ঘরানার নতুন একটি ছবিতে এ দু'জন চুক্তিবদ্ধ হয়েছেন৷ চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করছে একতা কাপুরের বালাজি মোশন পিকচার্স এবং করন জোহরের ধর্ম প্রডাকশন্স৷
চলচ্চিত্রটির নাম এখনো ঠিক না হলেও কারো কারো মতে ছবির নাম 'বেত্তমিজ দিল' রাখা হবে৷ তবে প্রযোজনা সূত্র এ তথ্য প্রত্যাখ্যান করেছে৷ ইমরান হাশমী-কারিনা কাপুর জুটির চলচ্চিত্রটি পরিচালনা করবেন অক্ষয় রায়৷ এটি হবে তার পরিচালিত প্রথম চলচ্চিত্র৷
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সামনের সেপ্টেম্বর-অক্টোবর থেকে মুম্বাই এবং দিলি্লর বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে৷ চলচ্চিত্রটির অন্যান্য অভিনেতা-অভিনেত্রী এখনো চূড়ান্ত হয়নি৷
উল্লেখ্য, এর আগে ইমরান হাশমীর সাথে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়া৷ (সূত্র : এনডিটিভি ও ইন্ডিয়াওয়েস্ট)

0 Comments