Advertisement

গরমে সুস্থ ও সুন্দর পায়ের যত্ন


বছরের এ সময়টাতে গরমে জনজীবন অতিষ্ট হয়ে পড়ে৷ তাই গরমে পায়ের সঠিক যত্ন না করলে নানা অসুখ-বিসুখ হতে পারে৷ তার অন্যতম হচ্ছে সংক্রমণ৷ 

এ গরমে আপনি কিভাবে আপনার পায়ের যত্ন নিবেন সে বিষয়ে বিউটি এক্সপার্ট রুবহানা হক জানান, রক্ত চলাচল স্বাভাবিক রাখতে, মাসল টোনের উন্নতির জন্য, পেশি সংকোচন থেকে মুক্তি পেতে এবং সর্বোপরি সুস্থ থাকার জন্য গরমে পায়ের যত্ন নেয়া খুবই গুরুত্বপূর্ণ৷ তিনি আরও বলেন, এছাড়া গরমে প্রচুর পানি পান করুন এতে ত্বকে আদ্রতা বজায় থাকবে৷ 

এবার আসুন জেনে নিই গরমে পায়ের যত্নে তার পাঁচটি বিশেষ পরামর্শ: 

১. রোদে বের হবার সময় আমরা মুখে আর হাতে সানস্ক্রিন ক্রীম মাখি৷ তবে রুপ সচেতন মানুষ পায়েও সানস্ক্রিন ক্রীম ব্যবহার করেন৷ সানস্ক্রিন ক্রীম আপনার পা'কে রোদে পোড়া থেকে রক্ষা করে৷ সানস্ক্রিন লাগানোর পর পায়ে পাউডার লাগিয়ে নিন৷ এটি আপনার পা ঘেমে যাওয়ার প্রবণতা কমিয়ে আনবে৷ পায়ের ঘাম ও দুর্গন্ধ কমাতেও পাউডার লাগানো ভাল অভ্যাস৷ মোজা পরার আগে পায়ে পাউডার দিয়ে নিন৷ যাদের পা ঘেমে যাওয়ার সমস্যা আছে, তারা রাতে ঘুমাতে যাওয়ার আগেও পাউডার দিয়ে নিতে পারেন৷ 

২. সবসময় পায়ের নখ ছোট করে কেটে রাখুন৷ ছোট নখে ময়লা প্রবেশ করতে পারে না, তাই পরিষ্কার রাখা সহজ হয়৷ তাছাড়া ছোট নখ অনেকরকম ইনফেকশান ও চর্মরোগ প্রতিরোধ করে৷ যখনই সম্ভব পায়ে বাতাস লাগতে দিন৷ ভারী পা ঢাকা জুতো না পরে, খোলামেলা এবং নরম স্যান্ডেল পরুন৷ এতে পা ঠান্ডা থাকে এবং পায়ে দুর্গন্ধ হওয়ার সম্ভাবনাও কমে যায় ৷ 

৩. অফিস থেকে বাসায় ফিরে কুসুম গরম সাবান পানিতে পা ধোয়া উচিত৷ এটি আপনার পায়ের ঘাম হওয়ার প্রবণতা কমায় এবং দ্রুত পায়ের দুর্গন্ধও দূর করে৷ গরমে একই মোজা বারবার পরার কারণে পায়ে দুর্গন্ধ শুরু হয়৷ এ কারনে নানা রকম ব্যাকটেরিয়াল এবং ছত্রাকজনিত ইনফেকশান হতে পারে৷ এজন্য একই মোজা একদিনের বেশি পরা উচিত নয়৷ সবসময় পরিষ্কার মোজা পরুন৷ সম্ভব হলে প্রতিদিন মোজা ধুয়ে রোদে শুকাতে দিন ৷ 

৪. যাদের হাতে সময় আছে তারা একটি পাত্রে ঠান্ডা পানি নিন৷ তার সঙ্গে অল্প গোলাপ জল মেশান৷ তারপর তাতে পা ১৫ মিনিট ডুবিয়ে রাখুন৷ এরপর পরিষ্কার তোয়ালে পা মুছে নিন৷ এই পদ্ধতিতে পায়ের ঘাম ও দুর্গন্ধ হওয়ার প্রবণতা কমে যায় এবং রোদে পোড়া দাগও কমে আসে৷ সপ্তাহে ২ বার এই পদ্ধতিতে পায়ের যত্ন নিতে পারেন৷ এ সময় স্ক্র্যাবার দিয়ে ঘষে গোড়ালির মরা চামড়া সরিয়ে ফেলুন৷ স্ক্র্যাব করার পর পা পরিষ্কার করে হালকা কোন ময়েশ্চারাইজার লাগিয়ে নিন৷ 

৫. মাঝে মাঝে হালকা নারিকেল তেল অথবা অলিভ অয়েল নিয়ে পায়ে ম্যাসাজ করুন৷ এতে পায়ের রক্ত চলাচল বাড়ে এবং পা সচল ও সুন্দর থাকে৷ 

আপনার সুন্দর ও আকর্ষণীয় পা আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে পারে আরও বেশীগুণ৷ কাজেই হাত পায়ের যত্ন নিন৷ সুস্থ ও সুন্দর থাকুন৷ 

Post a Comment

0 Comments