Advertisement

অবৈধদের বৈধকরণ: সময় বাড়াতে রিয়াদকে ঢাকার অনুরোধ


সৌদি আরবে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের বৈধ হওয়ার জন্য দেশটির সরকারের বেঁধে  দেওয়া সময়সীমা আরও বৃদ্ধির অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।  বুধবার জেদ্দায় সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. নিজার বিন ওবাইদ মাদানির সঙ্গে সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনি এ অনুরোধ জানান।  এ ব্যাপারে সৌদি
বাদশাকে অনুরোধ জানিয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা চিঠিও এ সময় প্রতিমন্ত্রীর কাছে হস্তান্তর করেন তিনি।
অনুরোধের জবাবে দীপুমনিকে আশ্বস্ত করে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের অনুরোধ সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে পৌঁছানো হবে। 
উল্লেখ্য, সম্প্রতি সৌদি আরব সরকার দেশটিতে বসবাসরত অবৈধ বিদেশিদের বৈধ করে নেওয়ার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে। ঘোষণা অনুযায়ী অবৈধ শ্রমিকরা ৩ জুলাইয়ের মধ্যে নিজ নিজ দূতাবাসের মাধ্যমে বৈধ হয়ে সৌদি আরবে অবস্থান ও কাজ করার সুযোগ পাবেন। এ ঘোষণার পরপরই সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাস দেশটিতে অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের বৈধ করার কার্যক্রম শুরু করে। দূতাবাসের এই কার্যক্রম পরিদর্শনই দীপুমনির এবারের সৌদি আরব সফরের প্রধান উদ্দেশ্য।
পররাষ্ট্রমন্ত্রী জেদ্দা, রিয়াদ, দাম্মাম শহরে শ্রমিকদের বৈধকরণ কার্যক্রম পরিদর্শন করবেন বলে বাংলানিউজকে জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম। সৌদি প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকালে ২০০৭ ও ২০০৯ সালে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের সময় সহযোগিতার জন্য সৌদি বাদশা আব্দুল্লাহ এবং তার সরকারকে ধন্যবাদ জানান দীপুমনি। বৈঠকে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ছাড়াও বাণিজ্য, শিক্ষা এবং কৃষিতে বাংলাদেশে বিনিয়োগের জন্য সৌদি সরকারের প্রতি আহ্বান জানান ডা. দীপুমনি।  এছাড়া বাংলাদেশ থেকে ওষুধ, তৈরি পোশাক এবং সিরামিক জাতীয় পণ্য আমদানির জন্য সৌদি আরবের প্রতি অনুরোধ জানান দীপুমনি।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম, কনসাল জেনারেল নাজমুল ইসলামসহ দু’দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। বৈঠকের আগে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শন করেন দীপুমনি। এ সময় তিনি কনস্যুলেটে সেবা নিতে আসা প্রবাসীদের সঙ্গে কথা বলেন। শুক্রবার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল (ইংলিশ শাখা) এবং রিয়াদ প্যালেস হোটেলে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া দু’টি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার পর আগামী ২২ জুন দেশে ফিরবেন দীপুমনি।

Post a Comment

0 Comments