Advertisement

সংসদের ওয়েবপেজ চুদুরবুদুর ডটকম!

ঢাকা: চুদুরবুদুর শব্দ থেকে মুক্তি পাচ্ছে না সংসদ। এখন সংসদের ওয়েপেজের নামই হলো চুদুরবুদুর ডটকম। বলা হচ্ছে হ্যাকড হয়েছে জাতীয় সংসদের ওয়েব ঠিকানা (ওয়েব অ্যাড্রেস)। বিকল্প হিসেবে ‘চুদুরবুদুরডটকম’ লিখলে বাংলাদেশ জাতীয় সংসদের ওয়েবপেজটি খুলে যাচ্ছে। বিষয়টি প্রথম জানাজানি হয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের মাধ্যমে।

সংসদের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে ওয়েব অ্যাড্রেসটি হ্যাকড হয়। তারা নকল ঠিকানাটি বন্ধ করার চেষ্টা করছেন।
তবে আইটি এক্সপার্টরা বলছেন, সংসদের মূল ওয়েবসাইট থেকে সোর্স ফাইলগুলো কপি করে চুদুরবুদুর ডটকমের ডোমেইনে পেস্ট করা হয়েছে। যে কারণে সংসদের মূল সাইটের মতোই দেখা যাচ্ছে এ সাইটটি। বাংলাদেশ জাতীয় সংসদের প্রকৃত ওয়েব ঠিকানা http://www.parliament.gov.bd। এ ঠিকানাতেও সাইটটি খুলছে। আবার সংসদের ওয়েবপেজটি http://www.chudurbudur.com/ ঠিকানায় খোলা সম্ভব হচ্ছে।
গত ৯ জুন বিএনপির এমপি রেহানা আক্তার জাতীয় সংসদে বলেছিলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার নিয়া কোনো চুদুরবুদুর চইলত ন।’ তারপর থেকে এ বাক্যটি নিয়ে সংসদ ও সংসদের বাইরে ব্যাপক বিতর্ক চলছে।কলকাতার আনন্দবাজার পত্রিকা এ নিয়ে দুটি প্রতিবেদন ছাপে। পত্রিকাটি লেখে-চুদুরবুদুর কোনো গালি নয়। এটি আঞ্চলিক শব্দ। এর অর্থ টালবাহানা, বাড়াবাড়ি, গড়িমসি।
এ শব্দটি নিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্যরা সংসদ উত্তপ্ত করে তোলেন। তারা রেহানা আক্তার রানুর তীব্র সমালোচনায় মুখর হন। একজন বলেন, এই শব্দটি বিশেষ পেশার মেয়েরা ব্যবহার করে।
কিন্তু সোমবার স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদের কার্যপ্রবাহ থেকে ‘চুদুরবুদুর’ বাদ (এক্সপাঞ্জ) করা হবে না।

Post a Comment

0 Comments