Advertisement

আম আছে মাছি নেই

ঢাকা: রাজধানীতে আমের বাজার এখন জমজমাট। ফরমালিন মেশানোর কারণে এসব আমে কোনো মাছি বসে না। পঁচা ফলে মাছি বসে, ভালো ফলে বসে না- এমন কথার ফুলঝুরিতে ক্রেতা টানার চেষ্টা করছেন বিক্রেতারা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও জাতীয় মান নির্ধারণী প্রতিষ্ঠান বাংলাদেশ স্টান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনসহ (বিএসটিআই) বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান অভিযান চালালেও তাতে কাজ হচ্ছে না। নিয়মিত বিষাক্ত কেমিক্যালযুক্ত আম বিক্রি হচ্ছে রাজধানীর দোকানগুলোতে।

তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজের ডা. মন্ডল বলেন, বিষাক্ত রাসায়নিক দ্রব্য মেশানো ফল খেয়ে বিভিন্ন ধরনের ক্যানসার, পাকস্থলীতে প্রদাহ, ফুসফুসের সংক্রমণ, কিডনি ও লিভার ক্ষতিগ্রস্ত হওয়াসহ নানা রোগ হতে পারে। এসব ফল খেয়ে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশুরা। নারীদের সন্তান ধারণেও এটি মারাত্মক প্রভাব ফেলছে।

সোমবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় ফরমালিন নিরূপণের যন্ত্রের সাহায্যে আম পরীক্ষা করা হয়। আমে ফরমালিন মেশানোর প্রমাণ পেয়ে সকাল সাড়ে ১০ টায় মৌচাক মার্কেটের সামনে এক আম দোকানীর ছয় হাজার টাকা জরিমানা করা হয়। তবে ওই দোকানে ফরমালিন মেশানোর কোনো আলামত পাওয়া যায়নি।

দোকানের ভেতর আমে ফরমালিন মেশানো হয় না। বাগান থেকে আম আসার সময় ফরমালিন মেশানো হতে পারে বলে জানান অভিযানে নেতৃত্ব দেয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আতিয়া সুলতানা। তিনি বলেন, ‘ফরমালিন মেশানোর প্রমাণ পাওয়ায় কিছু আম ধ্বংস করা হচ্ছে। দোকানীরা বলেছে বাকিগুলো যেখান থেকে এনেছে, সেখানে ফেরত পাঠাবে। এজন্য সব আম ধ্বংস করা হয়নি।’

তবে বাকি আমগুলো ফেরত না পাঠিয়ে পরে আবার বিক্রি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন আতিয়া সুলতানা। তাহলে কেন সেগুলো বিক্রির সুযোগ দেয়া হচ্ছে- এমন প্রশ্নে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।

মালিবাগ মোড়ে আম দোকানগুলো ঘুরে দেখা যায়, ক্রেতাদের আকৃষ্ট করতে কথার ফুলঝুরি  বিক্রেতাদের মুখে। এক ব্যক্তি বিক্রেতার কাছে জানতে চাইলেন- ফরমালিনমুক্ত আম হলেতো মাছি ওড়ার কথা, কিন্তু আপনার দোকানেতো কোনো মাছি নেই। জবাবে বিক্রেতা বলেন, ‘পঁচা ফলে মাছি বসে, ভালো ফলে বসে না।’

পাশের আরেক বিক্রেতা বলেন, ‘যতটুকু খেতে পারবেন, ঠিক ততটুকুই ফরমালিন দেয়া আছে। সমস্যা নাই, নেন।’

ক্রেতা আম না নেয়ায় ক্ষুব্ধ হয়ে ওই বিক্রেতা বলেন, ‘দুনিয়ার সব কচি কলা ফরমালিন দিয়ে বেচা হয়, সেগুলোতো ভালোই চলতাছে। শুধু আম কিনতে আইসা মানুষ ফরমালিন খোঁজে।’

একই ধরনের চিত্র দেখা যায় কারওয়ান বাজারে ‘ফরমালিনমুক্ত আম’ লেখা ব্যানারের বিভিন্ন দোকানে। এসব দোকোনো ফরমালিন নিরূপণের কোনো যন্ত্র নেই। সাইনবোর্ড-ব্যানার আর বিক্রেতাদের কথার ফুলঝুরিতে এসব আম নিচ্ছেন অনেকেই।

সারাদেশেই এভাবে বিভিন্ন ফল-ফসলে বেপরোয়াভাবে বিষাক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হচ্ছে হরহামেশাই।  বিভিন্ন প্রক্রিয়ায় এগুলো মানুষের শরীরে প্রবেশ করে অনেককে তাৎক্ষণিকভাবে আবার অনেককে নীরবে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

ফলে মানুষ তার নিজের অজান্তেই এভাবে স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এসব রাসায়নিক মিশ্রিত ভেজাল খাদ্য গ্রহণ করছে।

Post a Comment

0 Comments