Advertisement

সিটি নির্বাচনে মিথ্যাচার ও ভন্ডামির আশ্রয় নেওয়া হয়েছে : নাসিম


আল-আমিন আনাম: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘সদ্য চার সিটি করপোরেশন নির্বাচনে মিথ্যাচার, প্রবঞ্চনা ও ভন্ডামির
আশ্রয় নিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পরাজিত করা হয়েছে। তবে নির্বাচনে প্রমাণিত হয়েছে, বঙ্গবন্ধু কন্যা, শেখ হাসিনার দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়। সিটি করপোরেশন নির্বাচনের পর বিরোধী দলের তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের দাবির যৌক্তিকতা হারিয়েছে। যারা দুর্নীতি, নৈরাজ্য, হত্যাকান্ড ও লুটপাটের রাজত্ব কায়েম করার নীলনকশা চালাচ্ছে, তারাই বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়।’

সোমবার সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, ‘আগামী সংসদ নির্বাচন অর্ন্তবর্তীকালীন সরকারের অধীনে হবে। যে সরকারের প্রধান থাকবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

তিনি বলেন, “দেশে শান্তি, উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে হলে জনগণ আওয়ামী লীগকে পরবর্তী নির্বাচনে ভোট দিয়ে সরকার গঠন করার সুযোগ দেবে। খেটে খাওয়া নিরীহ মেহনতি মানুষ শেখ হাসিনাকে সমর্থন করে। যদি হাওয়া ভবনের দুর্নীতিবাজদের রাজত্ব পুনরায় কায়েম হয়, তবে দেশে যে অরাজক অবস্থার সৃষ্টি হবে তা কেউ সামাল দিতে পারবে না।’

তিনি বলেন, “নির্বাচনী প্রতিশ্র“তি পূরণের অংশ হিসেবে শুরু হওয়া মানবতাবিরোধী অপরাধের বিচার এ সরকার অবশ্যই সফলতার সঙ্গে সম্পন্ন করবে।”

বিরোধী দলের উদ্দেশে নাসিম বলেন, “কাজীপুরের সম্মেলন থেকে মিথ্যাচার, নৈরাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো।”

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে কাজীপুর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য দেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি, জুনায়েদ আহমেদ পলক এমপি, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সদর উপজেলা চেয়ারম্যান আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, কাজীপুর পৌর মেয়র মোজাম্মেল হক সরকার বকুল প্রমুখ।

Post a Comment

0 Comments