ডেস্ক রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সংশয় প্রকাশ করে বলেছেন,‘তত্ত্বাবধায়ক সরকার তো দূরের কথা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার
অধীনেও সরকার বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না।
সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে জেড ফোর্স আয়োজিত ‘ সংবাদ পত্রের কালো দিবস উপলক্ষে’ আলোচনা সভায় তিনি এই কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, চার সিটি নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি, আওয়ামী লীগের দিক থেকে জনগণের অনাস্থার কারণে সরকার আর চায় না বিএনপি প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচনে অংশগ্রহণ করুক ।
১৫৭ টি মন্দির ভাঙ্গার কথা উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, মন্দির ধ্বংসের সাথে জড়িত কাউকে গ্রেপ্তার না করে সরকার প্রমান করেছে তারাই এই কাজের সাথে সম্পৃক্ত।
সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, সাগর-রুনি হত্যার পর কেন একদিনের জন্য গণমাধ্যম বন্ধ থাকলো না? কারণ সংবাদ পত্রের সম্পাদকরা স্বাধীন কিন্তু সাংবাদিকরা স্বাধীন নয়।
তিনি বলেন, সংবাদপত্রের স্বাধীনতা না থাকলে গণতন্ত্র ও মানুষের স্বাধীনতা থাকে না। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংবাদপত্রের স্বাধীনতা অপরিহার্য। যে সংবাদপত্র সরকারের সাথে আঁতাত করে কালো টাকার মালিক হয়েছে তাদের বিচার করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
১৮ দলীয় জোটের মধ্যে থেকে যারা সরকারের এজেন্ট হিসাবে আন্দোলনকে ব্যাহত করতে চায় তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
জেড ফোর্সের আহ্বায়ক জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, বিশিষ্ট কণ্ঠ শিল্পী মনির খান প্রমুখ। দ্য টাইমস

0 Comments