Advertisement

কর্ণফুলী জুট মিল উদ্বোধন করতে ২৬ জানুয়ারী রাঙ্গুনিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী


বার্তা পরিবেশক:
প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা আগামী ২৬ জানুয়ারী রাঙ্গুনিয়া যাচ্ছেন। রাঙ্গুনিয়ার সাংসদ পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদের নির্বাচনী অঙ্গিকার
বাস্তবায়নের অংশ হিসেবে রাঙ্গুনিয়ায় অবস্থিত কর্ণফুলী জুট মিল ও ফোরাত কার্পেট মিল সরকারীভাবে চালুর কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া প্রধানমন্ত্রী রাঙ্গুনিয়া হাইস্কুল মাঠে সর্ববৃহদ এক জনসভায় ভাষন দিবেন। ২৬ জানুয়ারী রাঙ্গুনিয়ায় প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে গতকাল বুধবার (৯ জানুয়ারী) সন্ধায় চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে পূর্বপ্রস্তুতিমূলক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা প্রশাসক আবদুল মান্নানের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম আবদুল কাদের, এনডিসি লুৎফর রহমান, উপ-পুলিশ কমিশনার বনজ কুমার মজুমদার, চট্টগ্রাম দক্ষিন বন বিভাগীয় কর্মকর্তা বখতেয়ার নুর সিদ্দিকী, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী, ম্যজিট্রেট রুহুল আমীন, আরিফুল হাসান, আসরাফুল আলম, রাঙ্গুনিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মুর্শেদ। এ ছাড়া সভায় পুলিশ, র‌্যাব, আনসার ভিডিপি, সড়ক ও জনপদ বিভাগ, বিজিএমসিসহ বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, রাঙ্গুনিয়ায় প্রধানমন্ত্রীর সফর সফল ও সার্থক করতে চট্টগ্রাম জেলা প্রশাসনসহ অন্যান্য সংস্থা আজ (১০ জানুয়ারী) থেকে যাবতীয় প্রস্তুতি গ্রহনের কাজ শুরু করবে। প্রধানমন্ত্রী রাঙ্গুনিয়া হাইস্কুল মাঠে বৃহদ এক জনসভায় ভাষন দিবেন। এই জনসভাটি হবে এযাবৎকালের সর্ববৃহদ। ড. হাছান মাহমুদ বলেন, রাঙ্গুনিয়ায় অবস্থিত কর্ণফুলী জুট মিল ও ফোরাত কার্পেট মিলটি সাবেক জোট সরকারের অনিয়ম দুর্ণীতির কারনে বন্ধ করে দেয়া হয় এবং বেসরকারী ব্যবস্থাপনায় ছেড়ে দেয়া হয়। এই মিল দুটি সরকারীভাবে পুনঃ চালু করার বিষয়টি আমার নির্বাচনী অঙ্গীকার ছিলো। এই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ২৬ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে রাঙ্গুনিয়ার কর্ণফুলী জুট মিল ও ফোরাত কার্পেট মিল চালু’র কার্যক্রম উদ্বোধন করবেন।
পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদের বিশেষ সহকারী এনায়েতুর রহিম জানান, প্রায় ৫ হাজার শ্রমিক কর্মচারীকে পথে বসিয়ে জোট সরকারের বন্ধ করে দেয়া কর্ণফুলী জুট মিল ও ফোরাত কার্পেট মিল চালু করার বিষয়টি পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদের নির্বাচনী অঙ্গীকার ছিলো। এই কারখানা দুটি বেসরকারী ব্যবস্থাপনা থেকে উদ্ধার করে ২৬ জানুয়ারী প্রধানমন্ত্রী নিজ হাতে মিল দুটি চালুর মাধ্যমে পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদের অন্যতম বৃহদ একটি নির্বাচনী অঙ্গিকার পূরণ করবেন।
এনায়েতুর রহিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ জানুয়ারী হেলিকপ্টার যোগে রাঙ্গুনিয়ায় যাবেন। এর পর তিনি কর্ণফুলী জুট মিল ও ফোরাত কার্পে মিল উদ্বোধন শেষে বিকেলে রাঙ্গুনিয়া হাইস্কুল মাঠে বৃহদ জনসভায় ভাষন দিবেন। এই জনসভায় কয়েক লক্ষ লোক সমাবেশের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে।
এদিকে ২৬ জানুয়ারী রাঙ্গুনিয়ায় প্রধানমন্ত্রীর সফর ও জনসভা উপলক্ষ্যে সার্কিট হাউজ মিলনায়ততে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের পৃথক এক সভা অনুষ্ঠিত হয়। উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের সভাপতিত্বে উক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক এম এ সালাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক দানু, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা বদিউল আলম তালুকদার, আবুল কাশেম, চিশতি, এডভোকেট এম এ নাছের চৌধুরী, জহির আহাম্মদ চৌধুরী, শাহজাহান শিকদার, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী জসীম, জসীম উদ্দিন শাহ, এনায়েতুর রহিম, সৈয়দ মঞ্জুর আলম প্রমুখ। সভায় রাঙ্গুনিয়া প্রধানমন্ত্রীর জনসভাকে সার্বিকভাবে সফল ও সার্থক করতে প্রয়োজনীয় প্রস্তুতির সিদ্ধান্ত নেয়া হয়।

Post a Comment

0 Comments