বার্তা পরিবেশক
কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের নতুন পাড়ায় সীমান্ত সংক্রান্ত বিরোধের জের ধরে এক গৃহবধূকে কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষ। আহত
গৃহবধূ আশংকাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের নতুন পাড়ার বাসিন্দা মৃত আবুল কালামের পুত্র মোঃ নাছির উদ্দিনের সাথে অপর ভাইদের মধ্যে চলাচলের রাস্তার সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রোববার সকাল ১০টায় ওই বিরোধের জের ধরে উভয় পক্ষের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে নাছির উদ্দিন ভাই জহির উদ্দিন ও তার ছেলে আজিজুল হক নাছির উদ্দিনের স্ত্রীর উপর হামলা চালায়। ওই সময় হামলাকারীরা নাছির উদ্দিনের স্ত্রী খুরশিদা বেগমকে (২৩) ধারালো দা দিয়ে আঘাত করে। এতে খুরশিদার মাথা ও বাম হাতে মারাত্মক জখম।
আহতের পারিবারিক সুত্র জানায়, হামলার এক পর্যায়ে গৃহবধূ খুরশিদা জ্ঞান হারিয়ে ফেলে। আঘাতে তার মাথা ও হাত থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে গ্রামবাসী এসে তাকে উদ্ধার করে প্রথমে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে অবস্থার আশংকাজনক অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহতের বড় ভাই মোজাম্মেল জানান, এ ব্যাপারে তারা আইনগত ব্যবস্থা নিচ্ছেন। আহত খুরশিদা বেগম কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

0 Comments