Advertisement

প্রধানমন্ত্রী আশা দিয়েছেন: তাহসিনা


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: ঢাকা, মে ০২ : বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে খুঁজে বের করতে সব ধরনের চেষ্টা চালানোর বিষয়ে তার স্ত্রীকে আশ্বস্ত করেছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বুধবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদীর লুনা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “তিনি আমাদের আশ্বস্ত করেছেন। বলেছেন, আমার স্বামীকে উদ্ধারে সর্বপ্রকার চেষ্টা করবেন। আপনারা দোয়া করবেন।” 

সাংবাদিকদের কাছে এর বেশি কিছু বলেননি ইলিয়াসের স্ত্রী। সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিন সন্তান এবং দেবর ও ননদকে নিয়ে গণভবন থেকে বেরিয়ে বাড়ির পথে যাত্রা করেন তাহসিনা। 

নিখোঁজ হওয়ার ১৫ দিনে স্বামীর সন্ধান না পেয়ে বুধবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা। 

তার সঙ্গে ছিলেন দুই ছেলে আবরার ইলিয়াস (১৮) ও লাবিব শারা (১৬), মেয়ে সাইয়ানা নাওয়াল (৮), ইলিয়াসের ভাই আলমগীর আলী, বোন দিনারা শারমিন। 

গণভবনে নিজের কার্যালয়ে ইলিয়াস পরিবারের সঙ্গে একান্তে আধা ঘণ্টাকাল কথা বলেন শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের বলেন, ইলিয়াস আলীকে খুঁজে বের করতে তার পরিবার প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। 

“প্রধানমন্ত্রী বলেছেন, রাজনীতির চেয়ে মানবতা অনেক ঊর্ধ্বে, এই মানবতাকে প্রাধান্য দিয়েই সরকারের দায়িত্ব কোনো নাগরিক নিখোঁজ হলে তাকে খুঁজে বের করা।” 

ইলিয়াস আলীর সন্ধান বের করতে তথ্য দিয়ে সহায়তা করতে তার পরিবারকে প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। 

গত ৩০ এপ্রিল বনানীর বাসায় সংবাদ সম্মেলন করে তাহসিনা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ চান। তার অনুরোধে সাড়া দিয়ে শেখ হাসিনা ওই দিনই তাহসিনাকে দেখা করার সময় দেন। 

প্রধানমন্ত্রীর সহকারী শাকিল বলেন, “প্রধানমন্ত্রী তাদের সঙ্গে একান্তে কিছু সময় কাটান। ইলিয়াসের স্ত্রী প্রধানমন্ত্রীকে বলেছেন, ‘পরিবারের কোনো সদস্য হারিয়ে যাওয়ার ব্যথা প্রধানমন্ত্রী বোঝেন বলেই তিনি প্রধানমন্ত্রীর কাছে ছুটে এসেছেন’।” 

বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার গাড়িচালক মো. আনসার গত ১৭ এপ্রিল থেকে নিখোঁজ। তাদের উদ্ধারে র‌্যাব ও পুলিশ গাজীপুর, চাঁদপুরসহ বিভিন্ন স্থানে অভিযান চালালেও খোঁজ মেলেনি সাবেক এই সংসদ সদস্যের। 

বিএনপির অভিযোগ, সরকারই ইলিয়াসকে ‘গুম’ করেছে। তবে বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে সরকার।

Post a Comment

0 Comments