Advertisement

খায়রুল কবির খোকনসহ আটক ৩

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্যেষ্ঠ নেতাদের মুক্তির দাবিতে ১৮ দলীয় জোটের ডাকা হরতালের মধ্যে নয়া পল্টন থেকে বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকনসহ তিনজনকে আটক করেছে পুলিশ। 
হরতাল সামনে রেখে পুলিশ বুধবার রাত থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়
অবরুদ্ধ করে রাখে। নেতকর্মীরা সকালে কার্যালয়ের ভেতরে বসে শ্লোগান দিতে থাকলেও পুলিশ কাউকে বাইরে জড়ো হতে বা মিছিল করতে দেয়নি। 
এরই এক পর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে নরসিংদীর সাবেক সাংসদ খোকনসহ তিনজনকে ধরে পিকআপে তোলে পুলিশ। 

পল্টন থানার ওসি শহীদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনজনকে আটক করা হয়েছে। তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। 
এই তিন জনের মধ্যে আরেকজন হলেন বিএনপি কর্মী মঞ্জুরুল হক। তাৎক্ষণিকভাবে তৃতীয় জনের পরিচয় জানা যায়নি। 
এই সময়ে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, মিজানুর রহমান মিনু, মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান সারওয়ার, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান বাবুল, আজিজুল বারী হেলাল, বেলাল আহমেদ বিএনপি কার্যালয়ের ভেতরে ছিলেন। 
পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানীর সড়কগুলোর নিয়ন্ত্রণ নেয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ বিএনপির কয়েকজন নেতা দলীয় কার্যালয়েই রাত কাটান। 
গত মাসে হরতালের সময় গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের শীর্ষ পর্যায়ের ৩৩ নেতাকে বুধবার কারাগারে পাঠানো হয়। এর কয়েক ঘণ্টা পর সন্ধ্যায় সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

Post a Comment

0 Comments