এম এইচ আরমান চৌধুরী, চকরিয়া :
চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডে এক খন্ড মুল্যবান জমি জবর দখল করতে গিয়ে এক গৃহবধুকে বালি চাপা দিয়ে হত্যা চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসি ওই গৃহবধুকে বালির নিচ থেকে উদ্ধার করে মূমুর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি করেছে। ১৫ এপ্রিল দুপুর ১১টায় এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসি ও ওই এলাকার হাজী আনোয়ার হোসেনের স্ত্রী মোছাম্মৎ আয়েশা বেগম জানান, স্থানীয় আবু তালেবসহ কিছু প্রভাবশালী ব্যক্তি তার বেশ কিছু খরিদা ও দখলীয় জমি জবর দখলের চেষ্টা করে আসছে। গতকাল ১৫ এপ্রিল ওই প্রভাবশালীরা জমিটি জবর দখলের জন্য একটি ডাম্পার ট্রাকে ( চট্রমেট্রো অ- ১০৯) করে বালি নিয়ে যায়। এসময় আয়েশা বেগমের বিবাহীতা মেয়ে গৃহবধু শাহিন আক্তার মুন্নি(২৬) বাধা দেয়। প্রভাবশালীরা খানিক বাকবিতন্ডার পর ডাম্পার ট্রাক ভর্তি বালি শাহিন আক্তার মুন্নির উপর চাপা দেয়। এ ঘটনায় মুনির মা আয়েশা বেগমের চিৎকারে পাশের লোকজন গিয়ে মুন্নিকে বালির নিচ থেকে উদ্ধার করে মূমুর্ষ অবস্থায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছে। এ ঘটনায় আয়েশা বেগম বাদী হয়ে আবু তালেবসহ ৪ জনের নাম উল্লেখ করে চকরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে। পুলিশ জানায় তদন্ত করে মামলা গ্রহন করে আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

0 Comments