কায়সার হামিদ মানিক
উখিয়া থানার ৫০ গজের ব্যবধানে সদর ষ্টেশনে ব্যবসা প্রতিষ্ঠানে অনধিকার প্রবেশ করে সন্ত্রাসী হামলা চালিয়ে দোকান তচনচ করে মালামাল লুট করেছে কতিপয় সন্ত্রাসী।
এসময় বাঁধা দিতে গিয়ে আল-আমিন ষ্টোরের স্বত্বাধিকারী ব্যবসায়ী নুরুল আমিন (৫০) গুরুতর আহত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা ৬টায় এ ঘটনাটি ঘটেছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ বললেন এ ঘটনা আমার জানা নেই।
জানা গেছে, উখিয়া সদর এলাকায় বসবাসরত মরহুম মাষ্টার আবদুর রহমানের পুত্র ব্যবসায়ী নুরুল আমিন বর্তমান সৌদি প্রবাসী আলী আহাম্মদের মালিকানাধীন দোকান ভাড়া চুক্তি নামা সম্পাদন পূর্বক গত ২০ বছর ধরে উখিয়া সালাম বিল্ডিং এর নিচ তলায় একটি ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে আসছিল। গত ১ মাস ধরে তারই ভাই কবির আহাম্মদ উক্ত দোকান ছেড়ে দেওয়ার জন্য বার বার অনৈতিক আবদার করে আসছিল। এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর নিকট বিষয়টি বিচারাধীন রয়েছে। গতকাল ২৫ মার্চ সন্ধ্যা ৬টায় কবির আহাম্মদ অপরাপর ৫/৬ জন সন্ত্রাসী নিয়ে অতর্কিতে দোকানে হামলা চালিয়ে মালামাল তছনছ করে বেপরোয়া লুটপাট চালায়। এ সময় বাধা দিতে গেলে, সন্ত্রাসীদের হাতে থাকা লোহার রড় দিয়ে এলোপাতাড়ী আঘাত করলে ঘটনাস্থলে ব্যবসায়ী নুরুল আমিন গুরুতর আহত হয়। আশংকা জনক অবস্থায় তাকে উখিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত ডাক্তার রওনক আহাম্মদ জানালেন, অবস্থার উন্নতি না হলে আহত ব্যবসায়ীকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হবে। প্রকাশ্য ষ্টেশনে দিবালকে ব্যবসা প্রতিষ্ঠানে নেক্কার জনক হামলা চালিয়ে লুটপাট ও আহত করার ঘটনায় ব্যবসায়ীদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। উখিয়া ষ্টেশন বাজার বহুমূখী ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি একরামুল হক এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, সাংগঠনিক ভাবে যেকোন সমস্যার মোকাবেলা করার জন্য অত্র সমিতির সব সময় তৎপর।

0 Comments