Advertisement

প্রধানমন্ত্রী দায়িত্ব নিলেন মেঘের

ডেস্ক রিপোর্ট
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহত সাংবাদিক দম্পতি মেহরুন রুনি ও সাগর সারোয়ারের একমাত্র শিশুপুত্র মেঘের শিক্ষা ও উন্নত জীবন গড়ে তোলার দায়িত্ব নিয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় মেঘকে সঙ্গে নিয়ে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন মেহরুন রুনির মা নুরুনাহার মির্জা ও সাগরের মা সালেহা বেগম।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদ্যস্বজনহারানো এ তিনজন গণভবনে পৌঁছলে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী তাদের জড়িয়ে ধরে সমবেদনা জানান। এ সময় সাগর ও রুনির মায়েরা তাদের সন্তানদের হত্যার বিচার দাবি করেন। প্রধানমন্ত্রী বলেন, যতদিন আমি
জীবিত আছি, মেহরুন রুনি ও সাগরের সন্তানের শিক্ষাসহ উন্নত জীবন গড়ে তোলার জন্য যা যা করা দরকার, তার সবই আমি করব। তিনি রুনি-সাগর দম্পতির খুনিদের গ্রেপ্তার ও বিচারের প্রতিশ্র“তি পুনর্ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘স্বজন হারানোর বেদনা কেমন, আমি তা জানি। আমরা দুই বোন একসঙ্গে বাবা-মা-ভাইদেরসহ পরিবার-পরিজন হারিয়েছি।’
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের এসব কথা জানান। শাকিল ছাড়াও এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমীর হোসেন আমু এবং বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ।

Post a Comment

0 Comments