সেলিম উদ্দীন
কক্সবাজারের ঈদগাঁওতে ই-মেইল নিউজ ব্ল্যাক মেইল করছে কতিপয় বিকৃত রুচি সম্পন্ন সংবাদকর্মী নামধারী দুস্কৃতিকারীরা। এতে করে পত্রিকার ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার
পাশাপাশি ব্যক্তি বিশেষের মান সম্মান ক্ষুন্ন হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সূত্রে প্রকাশ, ভূঁয়া ই-মেল ঠিকানা হতে কতিপয় সংবাদকর্মী নামধারী দুস্কৃতিকারী ব্যক্তি অসৎ উপায়ে অর্থের বিনিময়ে সংবাদ রচনা করে বিভিন্ন পত্র পত্রিকার ঠিকানায় মেইল করে দিচ্ছে। বিশেষ করে ঈদগাঁও এলাকায় এ জাতীয় ঘটনা ঘটেছে একাধিকবার। দৈনিক ইনানী, দৈনিক কক্সবাজার, দৈনিক দেশবিদেশ সহ বিভিন্ন পত্র পত্রিকার ঠিকানার স্থানীয় সাংবাদিকদের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন সংবাদ পাঠিয়ে বিভ্রান্ত করছে। এতে করে স্থানীয় সংশ্লিষ্ট প্রতিনিধিবৃন্দ বিভিন্ন ব্যক্তি বিশেষের নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। স্থানীয় সাংবাদিকদের মতে সংশ্লিষ্ট প্রতিনিধি কোন সংবাদ যদি পত্রিকায় পৌঁছায় তবে প্রতিনিধিদের সাথে একটু হলে কথা বলা প্রয়োজন। তা না হলে কেন প্রতিনিধি নিয়োগ করা হয় তা বিবেকের কাছে প্রশ্নের সৃষ্টি করছে। আর যে সব অজ্ঞাত নামধাম ব্যক্তি ভূঁয়া নিউজ বিভিন্ন পত্রপত্রিকায় সরবরাহ করে ফায়দা হাসিল করছে তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবী করেছেন স্থানীয় সচেতন মহল। দৈনিক কক্সবাজারের ঈদগাঁওস্থ সদর উপজেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন জানান,ইতোপূর্বে তার পত্রিকায় ও বেশ কয়েকবার ভূঁয়া ই-মেল ঠিকানা ব্যবহার করে কে বা কারা স্বার্থ সংশ্লিষ্ট মানহানিকর সংবাদ পাঠিয়ে ছিল। দৈনিক হিমছড়ি ও ঈদগাঁও নিউজ ডট কম প্রতিনিধি এইচ.এন. আলম জানান, এসব সাংবাদিক নামধারী দুস্কৃতিকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া অতীব জরুরী। তা না হলে স্থানীয় সংবাদকর্মী ও ব্যক্তি বিশেষ চরম ক্ষতিগ্রস্থ হবেন। দৈনিক সমূদ্রবার্তার ঈদগাঁও প্রতিনিধি মোঃ হামিদুল হকের মতে অপকর্মে জড়িত ব্যক্তিদের মুখোশ উন্মোচন করা এখন সময়ের দাবী,স্থানীয় অন লাইন অপারেটর এম.ছরওয়ার সিফা জানান,সামান্য অর্থের লোভে সাংবাদিক নামধারীদের যোগসাজশে অনেক কম্পিউটার অপারেটররা এমন গর্হিত কাজ করতে দ্বিধাবোধ করছে না।

0 Comments