শাহজাহান সিরাজ,ঈদগাঁও:
কলেজ ছাত্র ছাত্রীদের গাড়ীতে তুলতে গড়িমসি করায় শ্যামলী পরিবহনের একটি চেয়ার কোচে ভাংচুর চালিয়েছে কতিপয় বিক্ষুব্ধ ছাত্র। তাৎক্ষনিক প্রতিবাদে গাড়ীটি সড়কের উপর আড়াআড়ি ব্যারিকেট দিলে প্রায় এক ঘন্টা ধরে যানবাহন চলাচল বন্ধ ছিল।ঘটনাটি ঘটেছে ১৩ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায়।
জানা যায়, প্রতি দিনের মতো সকালেও ককসবাজার সরকারি কলেজ ও রামু কলেজে যাওয়ার জন্য বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ঈদগাঁও বাসষ্টেশনে জড়ো হয়। সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম থেকে ককসবাজার গামী শ্যামলী পরিবহনের একটি চেয়ার কোচ ঈদগাঁও বাসষ্টেশনে এসে পৌঁছলে কলেজ গামী ছাত্র-ছাত্রীরা হুড়োহুড়ি করে বাসে উঠার চেষ্টা করে।এতে বাসটি চলন্ত অবস্থায় হেলপার বাধা দিলে ২০/২৫ জন বিক্ষুব্ধ ছাত্র ভাংচুর চালিয়ে গাড়ীতে উঠার দরজার গ্লাস ও গাড়ীর পিছনের বড় গ্লাস ভেঙ্গে দেয়। এতে চেয়ার কোচটি মহা সড়কের আড়াআড়ি ভাবে দাঁড় করিয়ে দিলে উভয় দিকে প্রায় এক ঘন্টা ধরে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনার মিমাংসার মাধ্যমে যান চলাচল স্বাভাবিক করে।

0 Comments