মোঃ রেজাউল করিম,ঈদগাঁও:
কক্সবাজার সদরের ইসলামপুর নৌ-ঘাট থেকে ৫ লাখ টাকা মুল্যের ২৫শ জাটকা ইলিশ উদ্ধার ও ৫জেলেকে আটক করা হয়েছে। ৭ অক্টোবর গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ দল এ অভিযান চালায়। জানা গেছে, মহেশখালী এলাকার এক দল জেলে বিক্রির জন্য শুক্রবার গভীর রাতে ২৫শ পিচ জাটকা ইলিশ বোট যোগে ইসলামপুর নৌ-ঘাটে নিয়ে আসে। খবর পেয়ে তদন্ত কেন্দ্রের ইনচার্জ আইসি আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ দল সেখানে হানা দিয়ে উক্ত মাছ উদ্ধার ও এ সংক্রান্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫জেলেকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে বদরখালী বেরুয়াখালী গ্রামের মৃত আবদুচ ছামাদের পুত্র মোহাম্মদ নাছির উদ্দিন (৩৩), কুতুব নগর পাড়ার মৃত আমির হামজার পুত্র মোহাম্মদ গিয়াস উদ্দিন (৩২), সাতঢালিয়া পাড়ার মৃত মোস্তফিজুর রহমানের পুত্র শাহ আলম (৪০), কালারমারছড়ার উত্তর নল বিলার আবদুল জব্বারের পুত্র মোহাম্মদ সোনা মিয়া (৪৫) এবং হোয়ানক কেরুনতলীর মৃত হোছন আহমদের পুত্র নুরুল কবির (২২)।
এদিকে মৎস্য বিভাগ ও কোস্ট গার্ডের সহযোগিতায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে কক্সবাজার সদরের বাঁকখালী নদীর মোহনা থেকে ৫শ মা ইলিশ জব্দ, মাছ ধরার ৯টি ট্রলার কে বিভিন্ন অংকে জরিমানা ও ৫টি বেহেন্দী জাল আটক করা হয়। ৮ অক্টোবর সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল ইসলাম। উদ্ধারকৃত মাছ তাৎক্ষণিক নিলাম দেয়া হয়। অভিযানে অন্যান্যের মধ্যে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ গোলাম রাব্বানী ও কোস্ট গার্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রে রফিক জানান, এ ব্যাপারে মৎস্য আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।

0 Comments