জহিরুল আলম সাগর. চকরিয়া:
চকরিয়া শহীদ আবদুল হামিদ পৌর বাস টার্মিনালটি সন্ত্রাসীদের আস্তানায় পরিনত হয়েছে। টার্মিনালে বেশ কিছু বখাটে সন্ত্রাসীদের ছত্রছায়ায় যাত্রীদের মালামাল চুরি, মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরণের অসামাজিক কর্মকান্ডের কারণে এদের হাত থেকে মহিলাসহ বিভিন্ন যাত্রীরাও নিরাপদ নয়। এসব অপরাধমুলক কর্মকান্ড বন্ধ করার দাবীতে গতকাল ১১ সেপ্টেম্বর বিকাল ৩টায় টার্মিনালে আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন(রেজি: নং বি ৭২৬) এক প্রতিবাদ সভার আয়োজন করে। এদিকে একটি নামসর্বস্ব শ্রমিক সংগঠন একই সময়ে ওই স্থানে পাল্টা প্রতিবাদ সমাবেশের ডাক দিলে দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে। স্থানীয় প্রশাসন এবিরোধ মিমাংশার উদ্যোগে টার্মিনাল এলাকায় দুপুর ১২ টা থেকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করে। পরে পরিস্থিতির অবনতি ঘটার আশংকা থাকায় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফরহাদ বিবাদমান দু শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বৈঠকে বসে এবং উভয় পক্ষকে কোন ধরণের সভা সমাবেশ না করার জন্য কঠোর নির্দেশ দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত টার্মিনাল এলাকায় পর্যাপ্ত পরিমান পুলিশ মোতায়ন রাখা হয়েছে। আগামী বৃহস্পতিবার উভয় শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে প্রশাসনের বৈঠকের কথা জানানো হয়েছে। টার্মিনাল এলাকার অপরাধ নিয়ন্ত্রনের জন্য গতকাল থেকে প্রতিদিন টহল পুলিশ সার্বক্ষনিক ডিউটি করবেন বলে থানার ওসি মোঃ ফরহাদ জানিয়েছেন।
আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক কামাল আজাদ জানান, চকরিয়া পৌর বাস টার্মিনালটি কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকা ও বান্দরবানসহ বিভিন্ন জেলার যোগাযোগের ট্রানজিট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। টার্মিনালটি প্রতিষ্টার পর থেকে নিরাপত্তামূলক কোন ব্যবস্থা পৌর কর্তৃপক্ষ গ্রহণ করেন নি। পূর্বে এ টার্মিনালে পুলিশী টহল ব্যবস্থা না থাকায় একটি সংঘবদ্ধ সন্ত্রাসীদল যাত্রীদের উপর জোর জুলুম, অত্যাচার, নির্যাতন করে আসছে। এদের হাত থেকে পরিবহন শ্রমিকরাও রেহাই পায়নি। এ অব্যাহত সন্ত্রাস থেকে রেহাই পেতে আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন গত ৬ সেপ্টেম্বর পৌর সভার মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে লিখিত ভাবে অভিযোগ দেয় এবং ১১ সেপ্টেম্বর এক প্রতিবাদ সভা ঘোষনা দেয়। কিন্তু শ্রমিক নামধারী একটি নাম সর্বস্ব সংগঠন সন্ত্রাসীদের নিয়ে তাদের আহুত প্রতিবাদ সভা করতে দেয়নি।
পরে আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের বাসটার্মিনালস্থ কার্যলয়ে সভাপতি মোঃ আলীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবদুল আজিজ, কার্যকরী সভাপতি শহর মুল্লুক, সাধারণ সম্পদক মোঃ মুছা, যুগ্ম সম্পাদক কামাল আজাদ, লামা সড়কের সভাপতি আবুল হোসেন মনু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বানিয়ারছড়া সড়কের নেতা আবছার, নুরুলকবির সহ বিভিন্ন নেতাকর্মীরা এ সভায় বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন, আগামী বৃহস্পতিবার প্রশাসনের সাথে অনুষ্ঠিতব্য বৈঠকে টার্মিনালের সমস্যা ও যাত্রীদের নিরাপত্তা দেয়ার ব্যাপারে কোন কার্যকরী ব্যবস্থা নেয়া না হলে তারা টার্মিনাল থেকে সকল গাড়ি সরিয়ে নেওয়ার ঘোষনা দেন।

0 Comments