ঢাকা, ১২ সেপ্টেম্বর : চারদলীয় ঐক্যজোটের শীর্ষ নেতাদের বৈঠকের পর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেছেন, শিগগিরই আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। এই কর্মসূচিতে আওয়ামী লীগবিরোধী সব দলকে অন্তর্ভুক্ত করা হবে।
অপরদিকে, বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আন্দোলন কর্মসূচি দেয়ার আগে লিঁয়াজো কমিটি করা হবে। লিঁয়াজো কমিটিতে তিনজন করে সদস্য থাকবেন। এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, কর্মসূচিতে হরতাল থাকলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
সোমবার রাতে গুলশানের কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে চারদলীয় শীর্ষ নেতাদের বৈঠক হয়। এতে অংশ নেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ, সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, মহাসচিব শামীম আল মামুন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, যুগ্ম-মহাসচিব মাওলানা মোহাম্মদ হাসান, খেলাফত মজলিসের আমির মাওলানা মো. ইসহাক ও মহাসচিব আহমেদ আবদুল কাদের।

0 Comments