শেখ মোহাম্মদ হানিফ,পেকুয়া॥
পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারে কুতুবদিয়ার এক লবণ ব্যবসায়ীকে আটকে রেখে প্রায় ১লক্ষ ৩৭হাজার টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। এসময় ওই ব্যবসায়ী থেকে খালী ষ্ট্যাম্পে স্বাক্ষরও আদায় করা হয়েছে। গত বুধবার রাত ৮টায় এঘটনা ঘটে। জানা যায়, কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের শাহাজির পাড়ার নুরুল ইসলামের পুত্র লবণ ব্যবসায়ী দেলোয়ার হোসেন গত বুধবার বিকাল ৩টায় পেকুয়া বাজারের মাওলানা জুয়েলার্সে বন্ধক রাখা স্বর্ণ ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য ১লক্ষ ৩৭হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়। ওই ব্যবসায়ীর নিজ এলাকার রুহুল কাদের, খোরশেদ, সাজু, কামাল, আনোয়ার, মাহমুদুল করিম, আবু হানিফসহ কিছু লোক পেকুয়ার গোঁয়াখালী এলাকার ফয়জুল করিম প্রকাশ ফজুকে এখবর দিলে মাওলানা জুয়েলার্সে অবস্থানরত ব্যবসায়ী দেলোয়ারকে ফজুর নেতৃত্বে ১০/১২ সন্ত্রাসী তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এসময় ফজু কুতুবদিয়ার সন্ত্রাসী বাহিনীকে খবর দিয়ে পেকুয়া এনে ব্যবসায়ী দেলোয়ারের কাছে রক্ষিত ১লক্ষ ৩৭হাজার টাকা ছিনিয়ে নেয়। এছাড়া দেলোয়ারের কাছ থেকে সন্ত্রাসীরা একটি খালী ষ্ট্যাম্পে জোর করে স্বাক্ষর আদায় করে। খবর পেয়ে ব্যবসায়ীর আত্মীয় স্বজন ও স্থানীয় লোকজন পেকুয়া বাজারের পুরাতন মাছ বাজারের একটি পরিত্যক্ষ দোকান থেকে রাত ১১টায় তাকে উদ্ধার করে। এবিষয়ে ব্যবসায়ী দেলোয়ার হোসেন বাদি হয়ে পেকুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে তিনি জানান। পেকুয়া থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান জানিয়েছেন, এবিষয়ে কেউ আমাকে অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

0 Comments