৬ মদ ব্যবসায়ী ও কারিগরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড
মোঃ নুরুল করিম আরমান, লামা:
বান্দরবানের লামায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১২ হাজার লিটার চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করেছে। এ সময় ৬ মদ তৈরির কারিগর ও ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড করেছেন আদালত। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে র্যাব, ডিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন উপজাতি পাড়ায় দেশীয় তৈরি চোলাই মদ উৎপাদন্ ও উৎপাদিত মদ দেশের বিভিন্ন জেলায় পাচার হয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে র্যাব-৭, বান্দরবান ডিবি ও পুলিশ সদস্যরা আজিজনগর মার্মা পাড়ায় অভিযান পরিচালনা করেন। এ সময় আদালত পাচারের জন্য উৎপাদিত প্রায় ১২ হাজার লিটার মদসহ বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জাম জব্দ এবং মদ তৈরী ও পাচার কাজে জড়িত ৬জনকে গ্রেফতার করেন। পরে গ্রেফতারকৃত আবুল খায়ের (৫০) কে ১ বছর, মংছে মার্মা (৩২)কে ১বছর, বাদশা মিয়া (৩৫)কে ৬ মাস, রনজিৎ দে (২২)কে ৩ মাসের কারাদন্ড এবং অংখান মার্মা ও মংসে মার্মা কে ১ হাজার টাকা করে জরিমানা করেন। অভিযানে লামা সার্কেলের এএসপি মোঃ আমজাদ হোসেন, সদর সার্কেলেল এএসপি আহাদুজ্জামান, র্যাব-৭ এর ডিএডি রফিকুল ইসলাম ও বান্দরবান ওসি.ডিবি মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

0 Comments