Advertisement

খদ্দরের পোশাক পরলেই আন্না হওয়া যায় না -কামরুল

এনএনবি : আইন বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, সরকার ২১ আগস্টের গ্রেনেড হামলাসহ সব হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া শুরু করেছে। সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। কিন্তু ঠিক এ সময়েই স্বাধীনতাবিরোধী একটি চক্র সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
কামরুল ইসলাম বলেন, কিছু বুদ্ধিজীবী কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন করতে চান। মহাত্মা গান্ধী আর আন্না হাজারের মতো খদ্দরের পোশাক পরলেই গান্ধীজি বা আন্না হাজারে হওয়া যায় না। বরং তাঁদের মতো চরিত্র লাগে। তিনি বুদ্ধিজীবীদের এ ধরনের খায়েশকে ‘কুঁজোর চিত হয়ে শোয়া’র মতো হাস্যকর বলে মন্তব্য করেন।
গতকাল শনিবার ঢাকা রিপোর্টারস ইউনিটিতে (ডিআরইউ) ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অভিযোগপত্রভুক্ত আসামিদের বিচার ও গ্রেপ্তার শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী এ আহ্বান জানান। আইভি রহমানের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আইন প্রতিমন্ত্রী বলেন, কিছু জ্ঞানপাপী ও বুদ্ধিজীবী স্বাধীনতাবিরোধী চক্রকে পরোক্ষভাবে সহযোগিতা করছে। তারা ‘৭১-এর ঘাতকদের বিচার চায় না। বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের বিশিষ্ট নেতা মুজিবুল হক। ফোরামের সভাপতি ফয়জুল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলোচনা সভায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments