মমতাজ উদ্দিন আহমদ,আলীকদম:
আলীকদম উপজেলা বিএনপির কমিটিতে বিচ্ছৃঙ্খল অবস্থা বিরাজ করছে। নিজেদের অন্তর্কোন্দলে যে কোন সময় উপজেলা কমিটির সভাপতি ও সেক্রেটারী বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আসতে পারে। কমিটির সভাপতি ও সম্পাদকমন্ডলীর সদস্যরা পৃথক পৃথক ইফতার পার্টিতে মিলিত হয়ে গণপদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে দলীয় একটি সুত্র নিশ্চিত করেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকের রাজনৈতিক কর্মকান্ডে নিস্ক্রিয়তা আত্মকেন্দ্রিকতা, সমন্বয়হীনতা ও কেন্দ্রীয় কর্মসূচী বাস্তবায়নে উদাসীনতাসহ নানা কারণ দেখিয়ে কমিটির সদস্যরা গণপদত্যাগের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে ওই সুত্রটি দাবী করেছে।
দলের সাংগঠনিক সহ-সভাপতি আবু হানিফ ও সাংগঠনিক সম্পাদক জানান, উপজেলা বিএনপির কমিটি গঠনের পর থেকে বর্তমান কমিটি নেতাকর্মীদের রাজনৈতিক কর্মকান্ড থেকে অঘোষিতভাবে দূরে সরিয়ে রেখেছে। কেন্দ্রীয় কর্মসূচী বাস্তবায়নও হয় না। দায়িত্বশীলদের উদাসীনতায় ঝিমিয়ে পড়েছে সাংগঠনিক কার্যক্রম। দীর্ঘদিন ধরে দলীয় রাজনৈতিক কর্মকান্ড না থাকায় অনেক নেতাকর্মী বিএনপি থেকে দূরে সরে যেতে বসেছে। নিস্ক্রিয় হযে পড়ছেন তারা।
সভাপতি ও সাধারণ সম্পাদকের রাজনৈতিক কর্মকান্ডে নিস্ক্রিয়তা, আত্মকেন্দ্রিকতা, সমন্বয়হীনতা ও কেন্দ্রীয় কর্মসূচী বাস্তবায়নে উদাসীনতায় সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া অচিরে আলোচনা সভা করে কমিটির সবাই একযোগে গণপদত্যাগ করবেন বলে ওই সূত্রটি দাবী করেছে।
সূত্রটি আরো জানায়, বিএনপির সার্বিক কার্যক্রম নিয়ে সভাপতি ও সম্পাদক মন্ডলীর সদস্যরা একাধিকবার ইফতার পার্টিতে মিলিত হয়েছেন। সকলের মতামতের ভিত্তিতে পদত্যাগের বিষয়টি উঠে আসে। আগামী দুয়েকদিনের মধ্যে চুড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
উল্লেখ্য, গত বছর ১৬ জুলাই বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। কিন্তু কাউন্সিলের এক বছরের মাথায় নানা অভিযোগে মাথা ভারি হয়ে পড়েছে সভাপতি ও সাধারণ সম্পাদকের। এর মধ্যে ভেঙে যেতে বসেছে উপজেলা বিএনপির কমিটি।
যোগাযোগ করা হলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, বিএনপি থেকে বিচ্ছিন্ন একটি কুচক্রী মহল অগণতান্ত্রিকভাবে বিএনপিকে পরিচালিত করতে চায়। তিনি বলেন, যারা বিএনপি থেকে পদত্যাগ করেছে তাদের কি পরিণতি হয়েছে। অতীত থেকে শিক্ষা নেয়া উচিত। তিনি এ অগণতান্ত্রিক কর্মকান্ডের নিন্দা জানান।
এদিকে সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে জানান, যারা দলীয় পদ দখল করে আছে বিএনপির সংকট কালে তাদের কাউকে পাওয়া যায় না। বিএনপির কল্যাণে তাই গণপদত্যাগ ছাড়া আমরা আর কোন উপায় দেখছি না।

0 Comments