Advertisement

জাপাকে ক্ষমতায় না দেখে মরতে চাই না :এরশাদ

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, ‘আগামী সংসদ নির্বাচন আমার জীবনের শেষ নির্বাচন, ওই নির্বাচনে আমাদের জয়ী হতে হবে, কারণ জাপাকে ক্ষমতায় দেখে যেতে চাই। তার আগে আমি মরতে চাই না।’ আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় মহাসমাবেশ সফলে গতকাল মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে আয়োজিত জাপার যৌথসভায় তিনি
একথা বলেন। দলের নেতা-কর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, আমার মনে হয় সামনে আবারও একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে। আমরা যদি শক্তিশালী হই, তাহলে কিছুই ভয় করি না। ১৫ ফেব্রুয়ারি আমরা দেখাতে চাই, আমরা শক্তিশালী দল।
জাপা চেয়ারম্যান বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৭টি মামলা হয়েছে। আমার বিরুদ্ধে হয়েছিল ৪২টি। মানে আরও ৫টা বাকি আছে। আওয়ামী লীগ অর্থনৈতিক উন্নতির কথা বললেও মানুষের দুর্দশার লাঘব হয়নি বলে দাবি করে তিনি বলেন, অতএব দেশের মানুষের উন্নতির জন্য, শিল্প কল-কারখানা সৃষ্টির জন্য আমাদের ক্ষমতায় যেতে হবে। এখন এমন একটা অবস্থা আওয়ামী লীগের কাছে বিএনপি নিরাপদ নয়, বিএনপির কাছে আওয়ামী লীগ নিরাপদ নয়। আমাদের কাছে সবাই নিরাপদ, দেশের মানুষও নিরাপদ।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ ও বন মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু ও মশিউর রহমান রাঙ্গা, দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, এসএম ফয়সল চিশতী প্রমুখ। ইত্তেফাক

Post a Comment

0 Comments