আগামী সংসদ নির্বাচন এই সরকারের অধীনে নয়, নির্বাচন কমিশনের অধীনে হবে বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার নোয়াখালীর বসুরহাট সরকারি মুজিব কলেজের নবীনবরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে যাওয়ায় বর্তমান
সরকারের অধীনে তাদের মেয়াদের শেষ ৯০ দিনে নির্বাচনের যে বিধান তার বিরোধিতা করে বিএনপি বলছে, এই সরকারের অধীনে নয়, নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন হতে হবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “আজকে কোনো কোনো বিরোধীদল বলছে, তারা এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না। মূলত এই সরকারের অধীনে নির্বাচন হবে না; নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে।”
“সরকার এখানে নির্বাচন তত্ত্বাবধান করবে। সরকারের মেজর পলিসি ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকবে না। পুলিশ প্রশাসনসহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়গুলো নির্বাচন কমিশনের অধীনে থাকবে।”
সংবিধানে সহায়ক সরকারের কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
শিক্ষার্থীদেরকে মাদক ও দুর্নীতিকে না বলার আহ্বান জানিয়ে এই আওয়ামী লীগ নেতা বলেন, “তোমরা জীবিকার জন্য নয়, জীবনের জন্য জ্ঞান অর্জন করো।”
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ জিয়া চৌধুরীর সভাপতিত্বে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহে আলম, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা প্রমুখ উপস্থিত ছিলেন।


0 Comments