Advertisement

কক্সবাজারে এলজিসহ গুলিবিদ্ধ ‘ডাকাত’ পেটান গ্রেপ্তার

আনসার হোসেন , বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার শহরতলির খুরুস্কুল ব্রীজের কাছে ডাকাত ও ছিনতাইকারি দলের সাথে পুলিশের ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। শনিবার ভোর রাতে এই ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়েছেন ডাকাত ও ছিনতাইকারি দলের সদস্য রশিদ আহমদ ওরফে পেটান (৩৫)। পুলিশ তাকে একটি দেশি তৈরি এলজিসহ গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, শহরের চিহ্নিত ছিনতাইকারি রকি ও দিলুর নেতৃত্বে পুলিশের উপর হামলা চালিয়েছে।

পুলিশের দাবি, ‘বন্দুকযুদ্ধে’র ওই ঘটনায় পেটান ডাকাত ছাড়াও আরও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এরা হলেন পুলিশ সদস্য দেলোয়ার ও রাশেদ।

কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহেদ উদ্দিন জানান, শনিবার ভোররাতে শহরের খুরুস্কুল ব্রীজের কাছে শহরের চিহ্নিত ছিনতাইকারি রকি, দিলুর নেতৃত্বে একটি অপরাধি চক্র অবস্থান নেয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। ওই সময় পুলিশের টিমটি ঘটনাস্থলে পৌছলে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে ৬/৭ রাউন্ড গুলি ছুঁড়ে। পুলিশ পাল্টা ১১ রাউন্ড গুলি ছুঁড়েন।

পুলিশ কর্মকর্তা শাহেদ উদ্দিন জানান, ওই সময় রকি ও দিলু পুলিশ উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রশিদ আহমদ ওরফে পেটানকে আটক করা হয়। ওই সময় একটি দেশি তৈরি এলজিও উদ্ধার করা হয়। আটক রশিদ আহমদ পেটান কক্সবাজার শহরের রুমালিয়ারছড়াস্থ টেকনাইফ্যা পাহাড়ের মৃত নজির আহমদের ছেলে।

এদিকে এই ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন এসআই শাহেদ উদ্দিন।

Post a Comment

0 Comments