Advertisement

প্রাথমিকে বৃত্তি পেলো ৫৪ হাজার শিক্ষার্থী

টাইমস ডেস্ক॥
প্রাথমিক শিক্ষা সমাপনীতে এবার ৫৪ হাজার ৪১২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
এর মধ্যে ২১ হাজার ৯৭৮ জন মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) এবং ৩২ হাজার ৪৩৪ জন সাধারণ বৃত্তির জন্য মনোনীত হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেন। প্রাথমিক ও গণশিক্ষা
সচিব কাজী আখতার হোসেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আশরাফুল ইসলাম, রুপম কান্তী প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে বৃত্তিপ্রাপ্তদের এই তালিকা করা হয়েছে। ২৫ লাখ ১৯ হাজার ৩২ জন অংশ নিয়ে এ পরীক্ষায় ২৪ লাখ ৮৩ হাজার ১৪২ জন উত্তীর্ণ হয়। সেই হিসাবে উত্তীর্ণ শিক্ষার্থীর ২ দশমিক ২ শতাংশ বৃত্তি পাচ্ছে।
আগে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের আলাদা পরীক্ষা নিয়ে বৃত্তি দেয়া হলেও ২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্য থেকেই বৃত্তি দেয়া হচ্ছে।
মেধাবৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতি মাসে ২০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ১৫০ টাকা করে পাবে। এছাড়া বৃত্তিপ্রাপ্ত সবাই বছরে এককালীন ১৫০ টাকা করে পাবে।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট www.dpe.gov.bd থেকে বৃত্তির ফল জানা যাবে।
গত বছর প্রাথমিক সমাপনীতে ৫৪ হাজার ৫৩০ জন শিক্ষার্থী বৃত্তি পায়। এর মধ্যে ২১ হাজার ৯৮০ জন মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) এবং ৩১ হাজার ৪৬৮ জনকে সাধারণ বৃত্তি দেয়া হয়।