Advertisement

দীপিকার টার্গেট সালমান

শাহরুখ খানের সঙ্গে দুই দুইবার বলিউড মাতালেও এখনো দাবাঙ তারকা সালমান খানের দেখা পাননি দীপিকা। পরপর চারটি ছবিতে আকাশচুম্বি সাফল্যের পর তাই এবার দীপ্পির টার্গেট সাল্লু মিয়াই।
তাই তিনি আগে থেকেই বলে দিয়েছেন, যখন সালমানের সঙ্গে মিলে তিনি ছবি করবেন তা হবে বিশেষ কিছু।
দীপিকা বলেন, ‘আমি সালমানের সঙ্গে কাজ করতে চাই। আমি তার সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করছি। আর যখন আমি এবং
সালমান একসঙ্গে কাজ করবো তখন এটি হবে বিশেষ কিছু।’
এদিকে গুজব রটেছে যে, সুরুজ ভাটিয়ার আগামী ছবিতে নাকি সালমানের বিপরীতে দেখা যেতে পারে দীপ্পিকে। তবে এ বিষয়ে দীপিকা কিছু এখনো জানেন না বলে জানিয়েছেন।
সালমানের বিপরীতে কাজের প্রস্তাবের ব্যপারে দীপিকা বলেন, ‘এই খবর সত্য নয়। আমাকে এ ধরনের কোনো ছবির প্রস্তাব দেয়া হয়নি।’
উল্লেখ্য, গত সপ্তাহে রণবীর সিংয়ের সঙ্গে দীপিকা অভিনীত ‘রামলীলা’ ছবিটি মুক্তি পেয়েছে। এরইমধ্যে বক্স অফিসে ছবিটি অভূতপূর্ব ব্যবসা করছে। এর আগে গত ঈদে শাহরুখ খানের বিপরীতে তার অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিটি রেকর্ড পরিমাণ ব্যবসা করে।