হরতাল অবরোধের নামে জ্বালাওপোড়াও এবং ভাঙচুরের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ বিনিষ্টকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। একই সাথে নাশকতার নির্দেশদাতা হিসেবে চট্টগ্রামের ১৮ দলের ১০ নেতাকে চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে মহিউদ্দিন চৌধুরী বলেছেন, নাশকতা বন্ধ করা না হলে আগামীতে এসব নেতাদের বাড়িতে আগুন দেওয়া হবে। মঙ্গলবার দুপুরে দলীয় কার্যালয়ের সামনে হরতাল ও অবরোধের বিরুদ্ধে মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। মহিউদ্দিন বলেন, রাজনীতির নামে ধ্বংসযজ্ঞ চালাবেন না। জনগণের সম্পদ পুড়বেন না। তাহলে আপনাদের বাড়ি-ঘরে আগুন দেওয়া হবে। আপনাদের সবার ঠিকানা আমাদের কাছে আছে। আমরা ৭১ সালে যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছি। আমাদের ঘরে ঘরে এখনো আদর্শের অস্ত্র আছে। তিনি বলেন, জামায়াতে নির্দেশে বেগম জিয়া হরতাল অবরোধের নামে দেশ ধ্বংস করছে। এখনো সময় আছে নির্বাচনে আসুন জনগণ যাদের রায় দিবে তারা দেশ পরিচালনা করবে। নগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, নগর নেতা ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, মশিউর রহমান, এম এ রশিদ, এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী। এর আগে হরতাল বিরোধী একটি মিছিল মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে নিউমার্কেট এলাকা প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। উৎসঃ শীর্ষ নিউ

