Advertisement

আওয়ামী লীগ জামায়াতকে নিষিদ্ধ করবে না


ইশতিয়াক ইমন
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেছেন, আওয়ামী লীগ জামায়াতকে নিষিদ্ধ করবে না। নিষিদ্ধ করার কথা যেটা বলা হচ্ছে সেটা রাজনৈতিক স্টান্টবাজি। তবে কারো গণতান্ত্রিক
অধিকার খর্ব হলে বিএনপি প্রতিবাদ করবে।
বিবিসির বাংলাদেশ সংলাপে তিনি বলেন, জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়টি আসলে একটি রাজনৈতিক কৌশল। ৫ম সংশোধনী বাতিলের পর আওয়ামী লীগ ধর্মভিত্তিক রাজনীতির বিধান সংবিধানে রেখেছে বলে তিনি মন্তব্য করেন।
এদিকে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া রায়গুলো পর্যালোচনা করে যথাসময়ে সরকার জামায়াতকে নিষিদ্ধ করার প্রশ্নে সিদ্ধান্ত গ্রহণ করবে।
আইন প্রতিমন্ত্রীর এই বক্তব্যের পাশাপাশি প্রধান বিরোধী দল বিএনপির একজন নেতা জামায়াত নিষিদ্ধ করা নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেছেন মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের যে বিচার চলছে সেটিই আন্তর্জাতিক মান অর্জন করতে পারেনি।
জবাবে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন আন্তর্জাতিক অপরাধ  ট্রাইব্যুনালে দেওয়া দুটি মামলার রায়ে জামায়াতের বিষয়ে স্পষ্ট করেই বলা হয়েছে। আদালতের যে পর্যবেক্ষণ তাতে অবশ্যই জামায়াতকে নিয়ে চিন্তা করতে হবে।
তিনি বলেন,প্রসিকিউটররা জামায়াতকে নিষিদ্ধ করার জন্য মামলার বিষয়ে চিন্তাভাবনা করছে । আদালতের নির্দেশনা অনুযায়ী সরকার আইনের মাধ্যমে যথাসময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে। জামায়াতকে নিষিদ্ধ করতে মামলার চিন্তাভাবনা চলছে।
বিবিসি সংলাপের এই পর্বে প্যানেল আলোচক আরও ছিলেন ইসলামী চিন্তাবিদ ও কলামিস্ট শাহ আব্দুল হান্নান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরীন।
শাহ আব্দুল হান্নান বলেন জামায়াতকে নিষিদ্ধ করার কোন সুযোগ নেই। তিনি বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মানের নয় আর তাই ট্রাইব্যুনালের সব রায়ই প্রশ্নবিদ্ধ বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, “জামায়াত ১৯৭১ সালে পাকিস্তানের পক্ষে ছিল এটা জেনেই ১০ ভাগ ভোটার জামায়াতকে ভোট দেয়। আমি মনে করি একটা প্রধান রাজনৈতিক দল হিসেবে জামায়াত টিকে থাকবে।
গীতি আরা নাসরীন বলেন জামায়াত ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে। বড় রাজনৈতিক দলগুলো প্রশ্রয় দিলে দল হিসেবে সংগঠনটি টিকে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
ইসলামী চিন্তাবিদ শাহ আব্দুল হান্নান বলেন, আমি মনে করি একটা প্রধান রাজনৈতিক দল হিসেবে জামায়াত টিকে থাকবে।
তিনি বলেন,  রাজনৈতিক দলগুলোর ছত্রছায়ায় জামায়াত কাজ করে। তাদের কিছু খুচরো সন্ত্রাসী কাজ করে ভয় দেখিয়ে শক্তি অর্জনের জন্য। জামায়াত টিঁকে থাকবে বড় দলগুলো প্রশ্রয় দিলে।
মানবতা বিরোধী অপরাধের মামলায় গোলাম আযমকে নব্বই বছরের কারাদন্ড দেওয়া হলেও এই রায় সব পক্ষকে সন্তুষ্ট করতে পারে নি কেন -এমন এক প্রশ্নের জবাবে মীর নাছির উদ্দীন বলেন বিচার আন্তর্জাতিক মান অনুযায়ী হয়নি। বিচারের নামে জেনেশুনে কিছু লোককে ফাঁসিয়ে তা যেন নির্বাচনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয় সেটি দেখতে হবে।
তবে আইন প্রতিমন্ত্রী বলেন স্বাধীনতার ৪২ বছর পর মানবতা বিরোধী অপরাধের বিচার করতে পেরে সরকার সন্তুষ্ট। বিচার স্বচ্ছতার সাথেই হয়েছে। যারা বিরোধিতা করছেন তারা শুধু বিচারকে প্রশ্নবিদ্ধ করার জন্যই তা করছেন।

Post a Comment

0 Comments