নুরুল আমিন হেলালী
ঈদকে সামনে রেখে কেনাকাটা জমে উঠেছে বিপণী বিতানগুলোতে। এই সুযোগে আশংকাজনক হারে বেড়েই চলেছে ইভটিজারদের উৎপাত। সরেজমিনে গতকাল পর্যটন নগরীর সব ধরণের শপিং মল এবং
মার্কেট ঘুরে দেখা যায়, ক্রেতা-বিক্রেতাদের এক ধরণের ব্যস্ততা। তবে ক্রেতারা আতংকিত শপিং মলগুলোর সামনে উৎপেতে থাকা বকে যাওয়া রোমিওদের পদচারণায়। সূত্র জানায়, প্রত্যন্ত অঞ্চল থেকে শহরের শপিং মলগুলোতে পছন্দের কেনাকাটা করতে আসা তরুণীদের বিভিন্নভাবে উত্যক্ত করছে ভবঘুরে বিপদগামী কিছু উশৃঙ্খল যুবক। গতকাল মহেশখালী থেকে মায়ের সাথে কেনাকাটা করতে আসা কলেজছাত্রী শাকিলা জানায়, তারা পছন্দের কাপড় কিনতে এসেছিল শহরের এ ছালাম মার্কেটে। মার্কেটের সামনে থেকে কয়েক যুবক তাকে অনুসরণ করে পিছু নেয়। যেই দোকানেই যাচ্ছে সেখানেই তারা হাজির হচ্ছে। এক সময় নির্লজ্জের মতো অপরিচিত এক যুবক সামনে গিয়ে তাকে কিছু বলার চেষ্টা করে। এ সময় তারা বিব্রতবোধ করে তাড়াতাড়ি মার্কেট ত্যাগ করে খালি হাতে। এ রকম অসংখ্য অভিযোগ বিভিন্ন মার্কেটের সামনে মোটর সাইকেল পার্কিং করে বসে থাকা এ সব উশৃঙ্খল রোমিওদের বিরুদ্ধে। বিশেষ করে, ধনী পরিবারের বিপদগামী বকে যাওয়া কিছু বখাটে যুবক লাইসেন্সবিহীন দামি মোটর সাইকেল হাকিয়ে পিছু নিচ্ছে কেনাকাটা করতে আসা যুবতী, স্কুল-কলেজছাত্রী থেকে শুরু করে সুন্দরী মহিলাদের পেছনেও। অনেক সময় অপরিচিত মহিলা দেখলেই তারা ছুড়ে দিচ্ছে বিভিন্ন ধরণের অশালীন বাক্য। পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে মার্কেটে কেনাকাটা করতে গিয়ে ওই রকম বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছেন বলে অভিযোগ অনেকের। এছাড়া ঈদ বাজারের কেনাকাটার ব্যস্ততায় সক্রিয় হয়ে উঠেছে ছিনতাইকারী চক্র। সুযোগ বুঝেই তারা গ্রাম থেকে আসা সহজ-সরল লোকজনের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে নগদ টাকা, মোবাইল সেট, ভ্যানিটি ব্যাগ সহ স্বর্ণালংকারও। গতকাল লালদিঘির পাড়ে ষাটোর্ধ বৃদ্ধা ঝাপড়ে ধরেছিলেন ২০ বছর বয়সী এক যুবককে। জানতে চাইলে ওই বৃদ্ধা জানান, টমটমে একসাথে আসার সুযোগে ওই যুবক পাঞ্জাবীর পকেট কেটে পাঁচশত টাকার নোট হাতিয়ে নেয়ার সাথে সাথে তাকে হাতে নাতে ধরে ফেলেন। পরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। জানমাল ও আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে ঐ সমস্ত বখাটেদের প্রতি নজরদারি জোরদার করার দাবী সচেতন মহলের।

0 Comments