এম. রায়হান চৌধুরী, চকরিয়া
চকরিয়ায় টানা দুই দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পানিতে তলিয়ে গেছে উপজেলার বিস্তির্ণ নিন্মাঞ্চল। টানা বৃষ্টির কারণে ঘর থেকে বের হতে পারছেনা সাধারণ মানুষ। ফাঁকা হয়ে পড়েছে চিরিঙ্গা সড়কসহ পৌর শহরের গুরুত্বপূর্ণ অলিগলি। অভিজাত শপিংমলগুলোর ঈদ বাজারে পদচারণা নেই ক্রেতাদের। বর্ষণ অব্যাহত, তাই পরিবার পরিজন নিয়ে ঈদের
কেনাকাটা করতে মার্কেটে যাওয়ার সাহস করছেনা কেউ।
অন্যদিকে এবছর বর্ষার শুরুতে বৃষ্টিপাত কম হওয়ায় কৃষকরা তাদের জমি চাষাবাদের জন্য মাঠে নামতে পারেনি। কিন্তু গত দু’দিনের অবিরাম বর্ষণে কৃষানিরা আউস মৌসুমে হাসি ভরা মুখে ধান রোপনে ব্যস্ত থাকলেও ঈদ মৌসুমে ব্যবসায়ীরা পড়েছে বিপাকে।
চকরিয়া পৌর সদরে অবস্থিত বিভিন্ন বিপণী বিতান সরেজমিন ঘুরে দেখা যায়, ব্যবসায়ীরা খোশ গল্প করে অলস সময় কাটাচ্ছে। কিছু কিছু দোকানে অল্প সংখ্যক ক্রেতা দেখা গেলেও অধিকাংশ দোকান ক্রেতা শূণ্য। তবে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রমজানের শেষ মুহুর্তে ক্রেতাদের সমাগম বাড়তে থাকায় টানা বৃষ্টি ব্যবসায়ীদের দুঃচিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
এদিকে আনোয়ার শপিং কমপ্লেক্সের সুগন্ধা ক্লথ ষ্টোরের মালিক আবদুল গফুর ও চমক’র মালিক মোহাম্মদ আলী জানান, রমজানের শেষ পনের দিন ব্যবসায়ীদের জন্য বাণিজ্যিক মৌসুম। কিন্তু গত কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকায় মার্কেটে মানুষ আসতে না পারায় আমাদের ব্যবসা-বাণিজ্যে পড়েছে মন্দাভাব। এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে ঈদের ভরা মৌসুমে চরম ক্ষতির সম্মুখীন হবে বলে শংকা প্রকাশ করছেন ব্যবসায়ী মহল।


0 Comments