মোরগ-পোলাও রান্না করছেন শেখ হাসিনা (সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পেজ থেকে নেওয়া) ঢাকা: মমতাময়ী মা বলে কথা। তাই একমাত্র পুত্র সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে নিজ হাতে রান্না করেছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সন্ধ্যা সোয়া ছ’টার দিকে প্রধানমন্ত্রী তনয় সজীব ওয়াজেদের ফেসবুক পেজে পোস্ট করা একটি ছবিতে দেখা যায়-রসুইঘরে রান্নায় ব্যস্ত প্রধানমন্ত্রী। একহাতে শক্ত করে পাতিল ধরে অন্য হাতে কাঠের খুন্তি দিয়ে মাংস নাড়ছেন। সাদা শাড়ির ওপর রান্নার এ্যাপ্রোন গায়ে জড়ানো চিরায়ত বাঙালি নারীর প্রতীক প্রধানমন্ত্রী চুল বেঁধেছেন খোঁপায়।
ছবির ক্যাপশনে প্রধানমন্ত্রী পুত্র লিখেছেন, ‘...প্রধানমন্ত্রী আমার জন্য মোরগ-পোলাও রান্না করছেন। আমি যত পোলাও খেয়েছি তার রান্নাই সবচেয়ে সেরা।’
বঙ্গবন্ধুর দৌহিত্র ও যুক্তরাষ্ট্র প্রবাসী জয়ের ৪২তম জন্মদিন ছিল শনিবার। মা শেখ হাসিনা, স্ত্রী ক্রিস্টিন, মেয়ে এবং বোন সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে গণভবনেই ঘরোয়াভাবে এবারের জন্মদিন উদযাপন করছেন জয়। ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ চলাকালে ঢাকায় জন্ম গ্রহণ করেন জয়। স্বাধীনতা লাভের পর তার নাম রাখেন নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


0 Comments