ঢাকা: ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত ফল প্রকাশিত হয়েছে। এতে পাস করেছে ৪৬ হাজার ২৫০ জন।
১৪ জুলাই রোববার বিকেলে এই ফল প্রকাশ করা হয়েছে বলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান এ টি আহমেদুল হক চৌধুরী জানিয়েছেন।
গত সোমবার এই পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয় ১২ হাজার ৩৩ জন।
এরপর সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও ৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে গত বুধবার সকাল ১০টার দিকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক মোড় শাহবাগ অবরোধ শুর করেন বিক্ষু্ব্ধ একদল শিক্ষার্থী।
বাদপড়া শিক্ষার্থীদের ৭ ঘণ্টা সড়ক অবরোধের মুখে ওই দিন বিকেলে ফল পুনর্মুল্যায়নের ঘোষণা আসে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) পক্ষ থেকে।
বিগত বিসিএস পরীক্ষায় লিখিত পরীক্ষার পর কোটার ভিত্তিতে চূড়ান্ত ফলাফল প্রকাশ হলেও এবার প্রথম পর্যায়ে প্রকাশিত ফলাফলে প্রাথমিক বাছাইয়েই কোটার ভিত্তিতে ফল দেয়া হয়।
কোটার ভিত্তিতে ফল প্রকাশের প্রতিবাদে ওই দিন থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, এর ফলে মেধাবী অনেকে প্রথমেই বাদ পড়েছে।
প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি বিভিন্ন ক্যাডারে দুই হাজার ৫২টি পদে নিয়োগ দিতে এই বিসিএসের বিজ্ঞাপন প্রকাশ করে পিএসসি।

0 Comments