দেশে সাক্ষরতার হার ৫৩ দশমিক ৭ শতাংশ। শহরাঞ্চলে এ হার ৬৫ দশমিক ৬ শতাংশ। আর গ্রামাঞ্চলে এ হার ৫০ দশমিক ৫ শতাংশ। বিভাগওয়ারী সাক্ষরতার হার সর্বোচ্চ বরিশাল বিভাগে ৬১ দশমিক ৯ শতাংশ এবং সর্বনিু সিলেটে ৪২ দশমিক ২ শতাংশ। রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাক্ষরতা নিরূপণ জরিপ-২০১১ এর প্রতিবেদনে এ সব তথ্য জানানো হয়। আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সেমিনারের আয়োজন করা হয়। পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার (বীর উত্তম) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে. চৌধূরী, পিকেএসএফ (পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন)-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. নজিবুর রহমান এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ভারপ্রাপ্ত মহাপরিচালক মিজানুর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বলেন, “শিক্ষাখাতসহ দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে যথাযথ পরিকল্পনা প্রণয়নে বিবিএস পরিচালিত বিভিন্ন জরিপের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।”

0 Comments