Advertisement

জেলা-উপজেলা পর্যায়ে ৬০ কোটি টাকার উন্নত চিকিৎসা যন্ত্রপাতি বিতরণ শুরু


রিকু আমির : জেলা ও উপজেলা পর্যায়ে উন্নত চিকিৎসার জন্য ৬০ কোটি টাকার যন্ত্রপাতি বিতরণ শুরু করেছে সরকার।

স্বাস্থ্যসেবা উন্নয়নে গৃহিত এই কার্যক্রম মঙ্গলবার তেজগাঁও কেন্দ্রীয় ঔষধাগারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল
হক।

স্বাস্থ্যমন্ত্রী এসব উন্নত যন্ত্রপাতির সঠিক ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও উপযুক্ত চিকিৎসক, নার্স, স্টাফদের দ্বারা এসব যন্ত্রপাতি পরিচালনার জন্য সিভিল সার্জনদের প্রতি নির্দেশ দেন।

সরকারি এসব যন্ত্রপাতির ব্যবহার না করে কোনো অজুহাতে, বেসরকারি ক্লিনিকে রোগীকে পাঠানো হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রী জানান সতর্ক করে দেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব) মজিবুর রহমান ফকির বলেন, ‘মাঠ পর্যায়ে উন্নত চিকিৎসার জন্যে ৬০ কোটি টাকার যন্ত্রপাতি বিতরণ করা হচ্ছে।’ এসব যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ ও ব্যবহারের প্রতি গুরুত্ব আরোপ করে স্বাস্থ্য খাতে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রসঙ্গ তুলে ধরেন তিনি।

কেন্দ্রীয় ঔষধাগার সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসায় মোট ৯ ধরনের যন্ত্রপাতি বিতরণ করার উদ্যোগ নিয়েছে সরকার। এসব যন্ত্রপাতি ক্রয়ে ব্যয় হচ্ছে ৬০ কোটি টাকা। জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে বিতরণ করা হচ্ছে ২ হাজার ৩৮৮টি পেশেন্ট বেড।

এছাড়াও প্রয়োজনের কথা বিবেচনা করে জেলা ও উপজেলা পর্যায়ে ২৫টি আল্ট্রাসনোগ্রাম মেশিন, ১৭০টি ইসিজি মেশিন (সিক্স চ্যানেল), ২৫টি পালস অক্সিমিটার, ৫০টি আইসিইউ বেড, ৪৫টি সি আর্ম মেশিন, ৫০টি আইসিইউ ভেন্টিলেটর, কার্ডিয়াক চিকিৎসার জন্য ৫০টি মাল্টি প্যারামিটার পেশেন্ট মনিটর ও ৫০টি সিরিঞ্জ পাম্প বিতরণ করা হচ্ছে।

চলতি জুন মাসের ৩০ তারিখের মধ্যে যন্ত্রপাতি সরকারের কাছে চলে আসবে এবং আগামী দুই মাসের মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার উদ্দিন।

Post a Comment

0 Comments