Advertisement

আ’লীগ কথা রাখেনি জাতীয় পার্টি একক নির্বাচন করবে


ডেস্ক রিপোর্ট : জাতীয় পার্টি মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেছেন, আওয়ামী লীগ কথা রাখেনি। মহাজোটের ব্যর্থতার দায় জাপা নেবে না। আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি একক নির্বাচন করবে। সোমবার মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জে তিনি এসব কথা বলেন। যুগান্তরের সংবাদদাতাদের পাঠানো খবরÑ


স্টাফ রিপোর্টার জানিয়েছেন, জাতীয় পার্টি মহাসচিব রুহুল আমিন হাওলাদার এমপি বলেছেন, বর্তমান মহাজোট সরকারের সঙ্গে জাতীয় পার্টি যে শর্তে জোট গঠন করেছিল। গত সাড়ে ৪ বছরেও সে শর্ত পূরণ হয়নি। তাই আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি একক নির্বাচন করবে। তিনি আরও বলেছেন, এখন পর্যন্ত এ দেশে যত সরকার ক্ষমতায় বসেছে এরশাদের আমলে যতটা উন্নয়ন হয়েছে তার ধারে কাছেও কেউ যেতে পারেনি। দেশের জনগণ আবারও জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। আগামী সংসদ নির্বাচনে সারাদেশে জাতীয় পার্টি ৩০০ আসনে একক মনোনয়ন দেবে এবং নির্বাচনে জয়লাভ করে বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাবে।
তিনি সোমবার দুপুরে মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টি যৌথ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মৌলভীবাজারে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাস খান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জাপা চেয়ারম্যানের উপদেষ্টা লুতফুর রহমান চৌধুরী হেলাল, রেজাউল ইসলাম, আবিদ আলী, বখতিয়ার উদ্দিন, সৈয়দ শাহাব উদ্দিন আহমদ, আহমদ রিয়াজ, সৈয়দ নুরুল হক, তজম্মুল হোসেন চৌধুরী, আবদুল মজিদ মাস্টার প্রমুখ।
হবিগঞ্জ প্রতিনিধি জানিয়েছে, জাতীয় পার্টি মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি বলেছেন, দেশের জনগণ আশা করেছিল পল্লীবন্ধু আলহাজ হুসেইন মুহম্মদ এরশাদ হবেন রাষ্ট্রপতি আর শেখ হাসিনা হবেন প্রধানমন্ত্রী। কিন্তু আওয়ামী লীগ কথা রাখেনি। মহাজোটের ব্যর্থতার দায় জাপা নেবে না। এখন মহাজোট ছাড়া সময়ের ব্যপার মাত্র। সোমবার বিকালে হবিগঞ্জে জাতীয় পার্টির তৃণমূল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন তিনি। তিনি আরও বলেছেন, জাতীয় পার্টি এককভাবে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছে। চূড়ান্ত ঘোষণা দেবেন পার্টির চেয়ারম্যান। আমরা এখন আর কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হব না। অতীতের তিক্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে জনগণের সমর্থন নিয়ে সরকার গঠনের প্রক্রিয়ায় জাপা অবশ্যই থাকবে। আগামী নির্বাচনে পল্লীবন্ধু এরশাদের শাসনামলের সংস্কার, কল্যাণ ও সেবামূলক কাজ প্রভাব ফেলবে। জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন জাপা প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা সভাপতি আতিকুর রহমান আতিক। সাধারণ সম্পাদক শংকর পালের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা এমপি, নওয়াব আলী আব্বাস খান এমপি, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বখতিয়ার উদ্দিন খান ইকবাল, অ্যাডভোকেট আবিদ আলী চৌধুরী, কাউছারুল গনি প্রমুখ।

Post a Comment

0 Comments