Advertisement

কুতুবদিয়া ও কক্সবাজারে দুই দফা হামলায় এক ব্যাক্তি আহত: আটক ২

কুতুবদিয়া ও কক্সবাজারে দুই দফা সন্ত্রাসী হামলায় এক ব্যাক্তি গুরুতর আহত হয়েছে। গত ৪ জুলাই বুধবার সকালে ও মধ্যরাতে ওই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে আহত ব্যক্তির নাম জয়নাল আবেদীন (৪৫)। সে কুতুবদিয়ার দক্ষিণ ধুরুং এলাকার মৃত আব্দুর খালেকের পুত্র। ওই ঘটনায় বুধবার রাতে হামলাকালে কক্সবাজার শহরের আইবিপি রোড হতে জনতা দুই হামলাকারীকে ছুরিসহ আটক করে পুলিশে সোপর্দ করে।
আহতের স্বজনরা জানান, বুধবার সকালে কুতুবদিয়ার দক্ষিণ ধুরুং আলী ফকির ডেইল এলাকায় জয়নাল আবেদীন নিজের জমিতে চাষাবাদ করার সময় স্থানীয় সরওয়ার, আক্তার আলম, বাদশা, শাহাবুদ্দিন, সাইফুল আলমসহ একদল সশস্ত্র দুর্বৃত্ত তার  উপর হামলা চালায়। ওইসময় আহতের আত্মচিৎকারে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে কুতুবদিয়া হাসপাতালে ভর্র্তি করায়। সেখানে তার অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেন। ওইদিন রাত সাড়ে ১০ টার দিকে জয়নালকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করানো হয়। রাত ১১ টার দিকে প্রাথমিক চিকিৎসা শেষে খাবার খেতে বেরুলে হাসপাতালের প্রথম গেইটের সামনে থেকে পুর্বোক্ত দুর্বৃত্তরা জয়নালকে টেনে -হেচড়ে আইবিপি রোডে নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে দুর্বৃত্তরা পালানোর চেষ্টাকালে উপস্থিত জনতা কুতুবদিয়ার দক্ষিণ ধুরুং এলাকার মৃত কবির আহমদের পুত্র শাহাবুদ্দিন ও সাইফুল আলমকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ওই ঘটনায় আহতের পরিবারের পক্ষ হতে কক্সবাজাার সদর মডেল থানায় এজাহার জমা দেয়া হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান কুতুবদিয়া থানায় মামলা দায়েরের পরামর্শ দেন বলে জানা যায়।
যোগাযোগ করা হলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার সূত্রপাত কুতুবদিয়া থেকে হয়েছে। তাই কুতুবদিয়া থানার ওসির সাথে কথা বলে ওই থানায় মামলা দায়েরের পরামর্শ দেয়া হয়েছে। আটক দুইজনকে বৃহস্পতিবার কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে জানতে গতকাল শুক্রবার বিকেলে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসেমের সাথে যোগাযোগ করা হলে জানান, তিনি একটি অনুষ্ঠানে ব্যস্ত আছেন। পরে কথা বলবেন।
এদিকে আহত জয়নাল আবেদীনের পক্ষে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে তার পরিবার।

Post a Comment

0 Comments