Advertisement

যুবরাজ সালমান সৌদি সিংহাসনের নতুন উত্তরাধিকারী


ডেস্ক : সৌদি আরবে সিংহাসনের নতুন উত্তরাধিকারী হিসেবে যুবরাজ সালমানের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল জাতীয় টিভিতে প্রচারিত এক রাজকীয় ফরমানে এ ঘোষণা দেয়া হয়। যুবরাজ নায়েফ বিন আবদুল আজিজ (৭৮) গত রোববার চিকিৎসাধীন অবস্থায় জেনেভায় মারা যান। যুবরাজ নায়েফ ছিলেন সিংহাসনের বর্তমান উত্তরাধিকারী। তিনি মারা যাওয়ায় যুবরাজ সালমানকে তার স্থলাভিসিক্ত করা হলো। যুবরাজ সালমান বিন আবদুল আজিজ (৭৬) বর্তমানে সৌদি সরকারের
প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। এখন তাকে দেশটির উপ-প্রধানমন্ত্রীর দ্বায়িত্বও নিতে হবে। এছাড়া তিনি বেশ কয়েক দশক ধরে রাজধানী রিয়াদের গভর্নর ছিলেন। যুবরাজ সালমানকে তার অন্য ভাইদের থেকে উদার ও সংস্কারমুক্ত বলে বিবেচনা বরা হয়। তার ভাই রাজা আবদুল্লাহ কঠোর রক্ষণশীল ও ধর্মীয় ঐতিহ্য ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে মনে করা হয়। যুবরাজ সালমান ১৯৩৫ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি রাজা আবদুল আজিজের ছেলে। হাশশা আল সুদাইরি তার মা।
যুবরাজ সালমান ১৯৫৫ থেকে ১৯৬০ সাল পর্যন্ত রিয়াদের গভর্নর ছিলেন। ১৯৬৩ সালে তাকে আবার এ পদে নিয়োগ দেয়া হয়। সেই থেকে ২০১১ সাল পর্যন্ত গভর্নরের দ্বায়িত্ব পালন করেছেন। এ দিকে সালমানের ছোটভাই যুবরজ আহমেদকে দেশটির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি অনেক বছর ধরে সদ্য মারা যাওয়া স্বরাষ্ট্রমন্ত্রী যুবরাজ নায়েফের সহকারী ছিলেন।

Post a Comment

0 Comments