ওবাইদুল হক আবু চৌধুরী,উখিয়া :
উখিয়া উপজেলার পালংখালীতে এক ভয়াবহ অগ্নিকান্ডে দোকান, ঘর, রাইচমিল ও আইসক্রিম ফ্যাক্টরী পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে গতকাল ভোর রাতে পালংখালী ষ্টেশনে। ক্ষতিগ্রস্থদের টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। অগ্নিকান্ডের কারণ জানা যায়নি। কক্সবাজার থেকে রাত সাড়ে ৪টার দিকে অগ্নি নির্বাপক সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গতকাল ভোর রাতে উপজেলার পালংখালী ষ্টেশনে ব্যবসায়ী আমিরুল ফয়েজের ২টি রাইচ মিল, আবুল হাশেমের ১টি রাইচ মিল ও লাকড়ি মিল, আবু তাহেরের ১টি আইসক্রিম ফ্যাক্টরী ও আমির হামজার ১টি বসত বাড়ী আগুনে পুড়ে যায়। ধান, চাল, লাকড়ি, রাইচ মিলের সরঞ্জাম নগদ টাকা সহ এতে প্রায় ২ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন। এ সময় আমির হামজার ছেলে আবদুল মাজেদ (১৮) গুরুতর আহত হয়। এ ঘটনার খবর পেয়ে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহিরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান এডভোকেট একেএম শাহ জালাল চৌধূরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ হামিদুল হক চৌধূরী ও উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়াজ মোহাম্মদ, পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধূরী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেন। জানা গেছে আগুন নিভাতে গিয়ে আমির হামজার বাড়ী থেকে ৫ হাজার টাকা ও মালামাল লুটকরে নিয়ে যায়। অপরদিকে আমিরুল ফয়েজের রাইচ মিলে থাকা ১২ হাজার টাকা ও আবুল হাশেমের ৪৫হাজার টাকা আগুনে পুড়ে যায়। বর্তমানে ক্ষতিগ্রস্থরা খোলা আকাশের নিচে জীবন যাপন করছে।


0 Comments