সম্প্রতি কাকতালীয়ভাবে একই প্লেনে দেখা হয়েছিল বলিউডি খান সাম্রাজ্যের দুই প্রভাবশালী সদস্য শাহরুখ খান এবং সালমান খানের। কিন্তু বাঘে আর মহিষে কি কখনও এক ঘাটে জল খেতে পারে? আর তাইতো চির শত্রু সালমানকে দেখে তড়িঘড়ি সেখান থেকে কেটে পড়লেন শাহরুখ। সম্প্রতি একটি পণ্যের দূতিয়ালীর কাজে দিল্লিতে যাওয়ার জন্য একটি প্লেনের বিজনেস ক্লাসে উঠেছিলেন শাহরুখ খান। এদিকে আগে থেকেই ওই একই প্লেনে এক থা টাইগার ছবির সমস্ত ক্রু নিয়ে বসে ছিলেন সালমান খান। সেখানে তার মুখোমুখি
হওয়া মাত্রই নাকি ভড়কে যান শাহরুখ এবং তড়িঘড়ি কয়েকটা ফোনকল করে সেখান থেকে সরে পড়ার ব্যবস্থা করেন। খান সাহেবের ফোনে কাজ হয়। দ্রুতই ওই প্লেন থেকে নেমে আরেকটি প্লেনে চড়ে দিল্লি রওনা হন তিনি।
পুরো ঘটনাটিতে দারুণ মজা পেয়েছে সালমান বাহিনী। তাদেরই একজন কৌতুক করে ব্ল্যাকবেরীতে স্ট্যাটাস দিয়েছেন, বডিগার্ডের ভয়ে সুপারহিরো জি.ওয়ান হাওয়া!
এদিকে শাহরুখ শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাপারটা আসলে ওরকম কিছুই নাকি ছিল না। কথা ছিল নিজের প্লেনে চেপেই দিল্লিতে যাবেন শাহরুখ, কিন্তু হঠাৎ করে সেটি নিয়ে কিছু সমস্যা দেখা দিলে কমার্শিয়াল একটি প্লেনে ওঠার পরিকল্পনা করেন তিনি। কিন্তু প্লেনটিতে ওঠার পরপরই আবার খবর আসে শাহরুখের প্লেনটি ঠিক হয়ে গেছে। তাই চটজলদি সেখান থেকে নেমে নিজের প্লেনে চেপেই দিল্লি রওনা হন তিনি।
দুই পক্ষ যাই বলাবলি করুক না কেন, এ ঘটনার মধ্য দিয়ে সালমান শাহরুখ দ্বন্দ্ব বাড়বে বই কমবে না বলেই ধারণা করেছেন বলিউড বোদ্ধারা বাসিন্দারা।


0 Comments